খাগড়াছড়ির নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার সাদাত বলেছেন, মাটিরাঙ্গাসহ পুরো জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন যেকোনো সময় পাশে থাকবে।
সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে মাটিরাঙ্গা উপজেলা অডিটোরিয়ামে উপজেলার সকল দপ্তর প্রধান ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নবাগত ডিসি বলেন, “পরিচয় যাই হোক, সকলের জন্য জেলা প্রশাসকের দরজা সবসময় খোলা থাকবে। ন্যায় ও যুক্তিসংগত দাবি নিয়ে কথা বললে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।”
উপজেলার ১৯৬ জন বীর মুক্তিযোদ্ধার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি আরও বলেন, “যেকোনো প্রয়োজনে নির্দ্বিধায় জেলা প্রশাসকের কার্যালয়ে আসতে পারেন। দেশের সার্বিক বিষয়ে আপনাদের পরামর্শ আমাদের জন্য অমূল্য।”

মাটিরাঙ্গার শিক্ষা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জেলা প্রশাসক বলেন, “মাটিরাঙ্গায় শিক্ষার হার মাত্র ৪৪ শতাংশ। এই হার বাড়াতে জেলা প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করবে।” এ বিষয়ে সকলের সহযোগিতাও কামনা করেন তিনি।
আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি আশ্বস্ত করে বলেন, “বর্তমান সরকার নিশ্চিত করেছে যে আগামী নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ। খাগড়াছড়িতে তা বাস্তবায়নে সকলের সহযোগিতা প্রয়োজন।”
সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, মাটিরাঙ্গা জোন কমান্ডার লে. কর্নেল ইব্রাহীম আধহাম, সহকারী পুলিশ সুপার (মাটিরাঙ্গা সার্কেল) কাজী ওয়াজেদ, বীর মুক্তিযোদ্ধা মনিন্দ্র কিশোর ত্রিপুরা, উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ আলী, পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজল, জামায়াত আমির আব্দুল জলিল, প্রেসক্লাব সভাপতি জসিম উদ্দিন জয়নালসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।
সভা শেষে নবাগত জেলা প্রশাসক মাটিরাঙ্গা দারুছুন্নাহ মাদ্রাসায় দুস্থ ও অসহায়দের মাঝে ঢেউটিন ও কম্বল বিতরণ করেন।



