আইসিসির আম্পায়ারিং ডেভেলপমেন্ট প্যানেল প্রথমবারের মতো যুক্ত করেছে পাঁচ বাংলাদেশি নারীকে। এই তালিকায় চার আম্পায়ারের সঙ্গে আছেন একজন ম্যাচ রেফারি। নারী আম্পায়ার হিসেবে যুক্ত হয়েছেন সাথিরা জাকির জেসি, রোকেয়া সুলতানা, ডলি রানি সরকার ও চম্পা চাকমা। এছাড়া ম্যাচ রেফারি হিসেবে সুপ্রিয়া রানী দাস ওই প্যানেলে অন্তর্ভুক্ত হয়েছেন।

প্রথমবার আইসিসির প্যানেলে ৫ বাংলাদেশি নারী থাকার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু। বাংলাদেশি নারী আম্পায়ারদের প্যানেলে অন্তর্ভুক্ত করে বিসিবিকে এক বার্তা দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
রাঙামাটি সদরের সাপছড়ি ইউনিয়নে জন্ম নেওয়া চম্পা চাকমা ক্রিকেট ছেড়েছেন বেশিদিন হয়নি। ২০১৭ সালে গুলশান ইয়ুথ ক্লাবের জার্সিতে সর্বশেষ ঘরোয়া ক্রিকেট খেলেছেন চম্পা চাকমা। রাঙ্গামাটির ৩০ বছর বয়সী জাতীয় দলের সাবেক এই বাঁহাতি স্পিনার এখন ক্রিকেটের সঙ্গেই নিজেকে সম্পৃক্ত রাখতে চাচ্ছেন এবং সেটা আম্পায়ারিংয়ের মাধ্যমে।



