বান্দরবানের আলীকদমে ম্রো কল্যাণ ছাত্রাবাসে অধ্যায়নরত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী, খেলাধুলা সামগ্রী ও চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে আলীকদম সেনাজোনের ব্যবস্থাপনায় এবং সদর দপ্তর ৬৯ পদাতিক ব্রিগেডের তত্ত্বাবধানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এসএম রাকিব ইবনে রেজওয়ান।

বিশেষ অতিথি ছিলেন আলীকদম সেনা জোনের অধিনায়ক লে. কর্ণেল শওকাতুল মোনায়েম, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মির্জা জহির উদ্দীন, এছাড়াও সেনা জোনের উপ-অধিনাক, জেডএসও-সহ সামরিক কর্মকর্তা, অভিভাবক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বান্দরবান রিজিয়ন কমান্ডার তার বক্তব্যে বলেন, “বান্দরবান রিজিয়নের আওতাধীন সকল জোনেই অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান, উন্নয়নমূলক কাজ এবং দুস্থদের চিকিৎসার জন্য মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এই কার্যক্রম চলমান থাকবে।
অনুষ্ঠানে আলীকদম ম্রো কল্যাণ ছাত্রাবাসের ৬৫ জন ছাত্র ও ৫০ জন ছাত্রীসহ মোট ১১৫ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ, শিক্ষা সহায়ক সামগ্রী ও খেলাধুলা সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও ছাত্রাবাসের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য প্রয়োজনীয় আসবাবপত্র, বিছানা সামগ্রী ও একটি রেফ্রিজারেটর প্রদান করা হয়। শিক্ষার্থীদের মাঝে উন্নতমানের খাবারও সরবরাহ করা হয়।



