ইউপিডিএফের বিচারের দাবিতে রাঙামাটিতে পিসিসিপির বিক্ষোভ
তিন পাহাড়ি হত্যা
ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে নিহত তিনজন সাধারণ পাহাড়ি যুবকের হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের বিচারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)।
আজ বুধবার (২৯ অক্টোবর) সকালে শহরের বনরূপা আলিফ মার্কেটের সামনে জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ বিক্ষোভে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি তাজুল ইসলাম তাজ এবং সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক পারভেজ মোশাররফ হোসেন।
সমাবেশে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের (পিসিএনপি) সহ-সভাপতি কাজী জালোয়া, যুব পরিষদের কেন্দ্রীয় সভাপতি নূর হোসেন, পিসিসিপির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, সহ-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম ও সরকারি কলেজ শাখার নেতা নয়ন বড়ুয়া প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, গত ২৮ সেপ্টেম্বর খাগড়াছড়ির গুইমারা উপজেলার রামসু বাজার এলাকায় ইউপিডিএফের সশস্ত্র সদস্যরা পাহাড়ের চূড়া থেকে গুলি চালিয়ে তিনজন সাধারণ পাহাড়ি যুবক—আখ্র মারমা, আথুইপ্রু মারমা ও থৈইচিং মারমাকে হত্যা করে। তাদের এই নৃশংস হত্যাকাণ্ড পাহাড়ে অস্থিতিশীলতা সৃষ্টি ও স্বায়ত্তশাসনের নামে রাজনৈতিক ফায়দা নেওয়ার ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেন বক্তারা।
তারা বলেন, ইউপিডিএফ একদিকে সাধারণ পাহাড়িদের উস্কে দিয়ে বিক্ষোভ করায়, অন্যদিকে নিজ হাতে গুলি চালিয়ে আবার তাদেরই হত্যা করে। এর মাধ্যমে তারা পাহাড়ে উত্তেজনা সৃষ্টি করে সেনাবাহিনী ও সরকারকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চালাচ্ছে।
বক্তারা আরও বলেন, পাহাড়ে-সমতলে জনগণকে ইউপিডিএফের মিথ্যা প্রচারণা ও বিভ্রান্তিমূলক কর্মকাণ্ড থেকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িত ইউপিডিএফ সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবি জানান তারা।
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, বিচার না হলে পিসিসিপি আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।



