কঠিন চীবর দানের নিরাপত্তা ব্যবস্থায় প্রস্তুত রাঙামাটি পুলিশ
বৌদ্ধ ধর্মাবলম্বীদের ৪৯তম শুভ দানোত্তম কঠিন চীবর দান উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছে রাঙামাটি জেলা পুলিশ প্রশাসন।
আজ বৃহস্পতিবার সকালে রাঙামাটি পুলিশ লাইন্স মাঠে আয়োজিত এক আইন-শৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন পুলিশ সুপার (এসপি) ড.এস এম ফরহাদ হোসেন। এতে অনুষ্ঠানের নিরাপত্তা পরিকল্পনা ও দায়িত্ব বণ্টন নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।

ব্রিফিংকালে পুলিশ সুপার বলেন, কঠিন চীবর দান বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব। এ উৎসবকে ঘিরে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য জেলা পুলিশের সব ইউনিট সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।
তিনি জানান, উৎসবকে কেন্দ্র করে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের টহল, ট্রাফিক ব্যবস্থাপনা, সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি ও পর্যটন এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এসময় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোঃ জসীম উদ্দীন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার, কাপ্তাই সার্কেল মোঃ জাহেদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (এসএএফ) মোজাম্মেল হক সহ রাঙামাটি জেলা পুলিশ এবং এপিবিএন ইউনিটের অফিসার-ফোর্স উপস্থিত ছিলেন।



