কাপ্তাইয়ে ৫৩ টি প্রাথমিক বিদ্যালয়ে উদ্বুদ্ধকরণ সভা
সংসদ নির্বাচন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সম্পর্কে অভিভাবকদের অবহিতকরণ এবং ভোটাধিকার প্রদান বিষয়ে উদ্বুদ্ধকরণ এর লক্ষ্যে আজ সোমবার (১২ জানুয়ারি) কাপ্তাইয়ের ৫৩ টি প্রাথমিক বিদ্যালয়ে মা এবং অভিভাবকদের নিয়ে একযোগে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়।
এদিকে এদিন কাপ্তাই বিএফআইডিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে মা ও অভিভাবক সমাবেশে অংশ নেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন।

এসময় তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, ভোটদান একটি নাগরিক অধিকার। প্রত্যেকেই তাঁর নিজস্ব মতবাদ ভোটের মাধ্যমে প্রতিফলন ঘটায়। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। তাই প্রত্যেকের ভোটারকে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য বর্তমান অন্তর্বতীকালীন সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহন করেছে।
এসময় সংশ্লিষ্ট স্কুলের পরিচালনা কমিটির সদস্য, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা ছাড়াও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাচন অফিসার মিতা পারিয়াল, কাপ্তাই প্রেসক্লাব সভাপতি কবির হোসেন বক্তব্য রাখেন।



