কাপ্তাই হ্রদ খননে অবহেলা দুঃখজনক : মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার
কাপ্তাই হ্রদের মতো দেশের গুরুত্বপূর্ণ জলাধার দীর্ঘ সময়েও খনন না হওয়ায় গভীর দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
তিনি বলেন, যে সরকারই ক্ষমতায় থাকুক না কেন, কাপ্তাই হ্রদ খনন তো অনেক আগেই হওয়া উচিত ছিলো। এত বছরেও যদি সামান্য খনন কাজ করাতে না পারি, তাহলে বুঝতে হবে দেশ কতটা খারাপ অবস্থায় ছিলো। মানুষের বেঁচে থাকারও যেন অধিকার ছিলো না।
আজ সোমবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কাপ্তাই হ্রদের স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
উপদেষ্টা আরও বলেন, আমরা ইতোমধ্যে অনেকদূর এগিয়েছি। আমাদের কাজ আমরা করছি। পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে যারা আসবেন, তারা বাকি কাজগুলো এগিয়ে নেবেন।

সভায় কাপ্তাই হ্রদের নাব্যতা সংকট, বিএফডিসি ও মৎস্য ব্যবসায়ীদের মধ্যে দ্বন্দ্ব, মাছ বিলুপ্তির কারণ, হ্রদ ড্রেজিংয়ের কার্যকর উদ্যোগ গ্রহণ, অভয়াশ্রম ব্যবস্থাপনা ও স্থানীয় প্রশাসনের সমন্বয় জোরদার নিয়ে বিস্তর আলোচনা হয়।
সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা প্রধান উপদেষ্টা বলেছেন, সেটাই হবে। তফসিল ঘোষণার বিষয়টি সম্পূর্ণ নির্বাচন কমিশনের। আমরা কেবিনেটের নিয়মিত বৈঠকে দায়িত্ব পালন করে যাবো তফসিল ঘোষণার আগ পর্যন্ত।
তিন দিনের সরকারি সফরের অংশ হিসেবে রবিবার তিনি কাপ্তাই লেক মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্র, বিএফডিসির বিভিন্ন উপকেন্দ্র, অভয়াশ্রম ও গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেন।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান ফারাহ শাম্মী, রাঙামাটির বিএফডিসি ব্যবস্থাপক কমান্ডার মো. ফয়েজ আল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোবারক হোসেন, মো. রুহুল আমিন, সিভিল সার্জন ড. নুয়েন খীসা, জেলা মৎস্য কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, জেলে ও মৎস্য ব্যবসায়ীরা।



