সাম্প্রতিক সময়ে আমরা লক্ষ্য করছি, কিছু সাংবাদিক অনৈতিক সুযোগ গ্রহণ করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের পক্ষ অবলম্বন করছেন এবং উদ্দেশ্যমূলকভাবে অন্য রাজনৈতিক দলের নেতাদের হেয় প্রতিপন্ন করার কাজে লিপ্ত হচ্ছেন। এটি অত্যন্ত দুঃখজনক ও গণমাধ্যমের স্বাধীনতা ও নিরপেক্ষতার জন্য হুমকিস্বরূপ।
বান্দরবান শহরের একটি রেস্টুরেন্টে আজ সকালে এক সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে এসব কথা বলেন, এনসিপির বান্দরবান জেলার সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী শহিদুর রহমান সোহেল।
তিনি আরও বলেন, সাংবাদিক সমাজ আমাদের সমাজের দর্পণ। তারা হলেন জাতির বিবেক। তাদের কাজ ও আচরণে সেই মর্যাদা ও দায়িত্ববোধ প্রতিফলিত হওয়া উচিত। কিন্তু আমরা দেখছি, ভবিষ্যতের কিছু সাংবাদিক বর্তমানে এমন কর্মকাণ্ডে জড়িত, যা কোনোভাবেই একজন নৈতিক সাংবাদিকের পরিচায়ক নয়।

আমরা নতুন একটি রাজনৈতিক দল হিসেবে রাজনীতির ময়দানে প্রবেশ করেছি। আমাদের পথচলা এখনো শুরু পর্যায়ে। আমরা কারও বিরুদ্ধে নয়, বরং সকলের সহযাত্রায় একটি শান্তিপূর্ণ, উন্নত ও কল্যাণমুখী সমাজ গড়ার স্বপ্ন দেখি।
আমরা দৃঢ়ভাবে সাংবাদিকদের প্রতি আহ্বান জানাই— অনুগ্রহ করে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন, কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হয়ে অন্যের সম্মানহানি করবেন না।
এটি আমাদের পক্ষ থেকে একটি বিনীত অনুরোধ এবং একই সাথে একটি মানবিক আবেদন— আমাদের শুনুন, আমাদের সহায় হোন। আসুন, আমরা সকলে মিলে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ সমাজ গড়ি।



