কেওক্রাডং সড়কে চাঁদের গাড়ি উল্টে ১৩ পর্যটক আহত

বান্দরবানের রুমা উপজেলার কেওক্রাডং যাওয়ার পথে পর্যটকবাহী চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় আহত হয়েছে ১৩ জন পর্যটক। এর মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। সকালে বগালেক থেকে কেওক্রাডংয়ের উদ্দেশ্যে রওনা হয়ে তারা দুর্ঘটনার শিকার হন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে বগালেক থেকে কেওক্রাডং পাহাড়ের উদ্দেশ্যে রওনা হয় ১৩ জনের পর্যটকবাহী চাঁদের গাড়িটি। কেওক্রাডং সড়কের পেঁপে বাগান এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে এটি সড়কের পাশে উল্টে যায়।

এসময় দুর্ঘটনায় গুরুতর আহত হন স্থানীয় পর্যটক গাইড স্বপন বড়ুয়া (৩৪) এবং কুষ্টিয়া থেকে আসা পর্যটক সিদ্দিকুর রহমান (৫৫), হাশমত (৪৫), রাশেদুল (৪৪), আফিকুল ইসলাম (৪৪), সোহেল রানা (৪৫), ফারুক আহমেদ (৪২), আকরাম আলী (৩৭), জুমা (২৬), রুমি আক্তার (২৮), বেলায়েত (৩৩) এবং আরও কয়েকজন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

NewsDetails_03

রুমা উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী জানান, ভোরে বগালেক থেকে কেওক্রাডং যাওয়ার পথে চাঁদের গাড়িটি উল্টে যায়। এতে একজন পর্যটক গুরুতর আহত হন, বাকিরাও বিভিন্ন ভাবে আহত হয়েছে।

রুমা সদর থানার ওসি মোহাম্মদ সোহরাওয়ার্দী জানান, গাইডসহ মোট ১৩ জন পর্যটক আহত হয়েছে, তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।

রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচপিও ডা. মোহাম্মদ আব্দুল্লাহ আল হাসান বলেন, সকাল ৯টার দিকে মোট ১৩ জন আহতকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক এবং ৯ জন গুরুতর হওয়ায় মোট ১১ জনকে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আরও পড়ুন