খাগড়াছড়িতে গৃহবধূ নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে একজন আটক, বিক্ষোভ সমাবেশ

খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের জামতলা গ্রামে এক পাহাড়ি নারীকে (২২) ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্ত মো. আনিসুর রহমান (ডাকনাম বদি) কালাপাহাড় এলাকার বাসিন্দা ও চান মিয়ার পুত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (২৯ মে) রাত ৯টার দিকে ভুক্তভোগী নারী তাঁর দুই শিশু সন্তানসহ নিজ বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় অভিযুক্ত ব্যক্তি স্বামী অনুপস্থিত থাকার সুযোগে ওই নারীর ৫ মাস বয়সী শিশুকে ছুঁড়ে ফেলে দিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। ভুক্তভোগী নারী চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে এসে তাকে রক্ষা করে। এ সময় অভিযুক্ত পালিয়ে যায়।

পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় মো. আনিসুর রহমানকে আটক করে মহালছড়ি থানায় হস্তান্তর করে। ভুক্তভোগী নারী ও তাঁর শিশু সন্তানকে গুরুতর অবস্থায় খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার প্রতিবাদে শুক্রবার (৩০ মে) বিকেলে “পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ, খাগড়াছি জেলা শাখা”র ব্যানারে খাগড়াছি সদরের চেঙ্গী স্কোয়ারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

NewsDetails_03

সমাবেশের শুরুতে সূর্য শিখা ক্লাব প্রাঙ্গণ থেকে একটি সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল বের হয়ে চেঙ্গী স্কোয়ারে এসে শেষ হয়। অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মৃণাল চাকমা।

সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মনোতোষ ত্রিপুরা, খাগড়াছড়ি সরকারি কলেজ শাখার সভাপতি ধনজয় ত্রিপুরা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং সারাদেশে সংঘটিত সকল ধর্ষণের ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা বলেন, পাহাড়ি নারীদের প্রতি সহিংসতা বন্ধে প্রশাসনকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি পাহাড়ে বসবাসকারী জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুন