খাগড়াছড়ি জেলা সদর থানার বিশেষ অভিযানে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ মোহাম্মদ হাবিব উল্লাহ ওরফে রাশেদ (৪৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে শহরের জিরোমাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে খাগড়াছড়ি সদর হাসপাতাল-এর সামনে থেকে মিরিন দেওয়ান নামের এক ইন্টার্ন চিকিৎসকের কালো রঙের ইয়ামাহা ১৫০ সিসি মোটরসাইকেল চুরি হয়। হাসপাতালের দায়িত্ব শেষে বাইরে এসে তিনি দেখেন, নির্ধারিত স্থানে রাখা মোটরসাইকেলটি নেই। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করে। ফুটেজে সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করার পর রাত পৌনে ৯টার দিকে জিরোমাইল এলাকায় অভিযান চালানো হয়। স্থানীয় পার্ক সাইড হাসপাতালের লোকজনের সহযোগিতায় অভিযুক্ত হাবিব উল্লাহকে গ্রেপ্তার করা হয় এবং চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা সম্ভব হয়।
খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ মো. ইসমাইল হোসাইন জানান, জেলায় চুরি ও ছিনতাই প্রতিরোধে পুলিশ অত্যন্ত তৎপর রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



