গোপন তৎপরতার মাধ্যমে ‘জনতা সৃষ্টি’র অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট এবং সারাদেশে আইনশৃঙ্খলার অবনতি রোধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
সোমবার (১৪ জুলাই ২০২৫) বিকালে খাগড়াছড়ি জেলা ছাত্রদলের উদ্যোগে চেঙ্গী স্কয়ার থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বর মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়।

জেলা ছাত্রদলের সভাপতি আরিফ মোহাম্মদ জাহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল দেওয়ানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার এবং বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিঙ্কু ও মোশাররফ হোসেন।
সমাবেশে বক্তারা বলেন, একটি গোষ্ঠী দেশের স্থিতিশীলতা নষ্ট করতে গোপনে ষড়যন্ত্র করছে। তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের বিরুদ্ধে চক্রান্ত চালিয়ে যাচ্ছে। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশকে অস্থিতিশীল করার এই অপচেষ্টা জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে ব্যর্থ হবে। ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলেও তারা উল্লেখ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আনিসুল আলম অনিক, সাংগঠনিক সম্পাদক বাপ্পী দাস, দপ্তর সম্পাদক মো. রফিকসহ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।



