খাগড়াছড়িতে জেএসএস ও ইউপিডিএফের গোলাগুলিতে নিহত ৪

খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় সন্তু লারমা নেতৃত্বাধীন জেএসএস (জনসংহতি সমিতি) এবং প্রসিত বিকাশ খীসা নেতৃত্বাধীন ইউপিডিএফ (ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট) এর মধ্যে সংঘর্ষে অন্তত ৪ জন নিহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২৫ জুলাই) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার জোড়া সিন্ধু কারবারিপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, ইউপিডিএফ-এর সশস্ত্র শাখার (গণমুক্তি ফৌজ) প্রায় ৪০-৪৫ জনের একটি দল, যাদের নেতৃত্বে ছিলেন দলটির সামরিক কমান্ডার বিপ্লব চাকমা। অপরদিকে, জেএসএস-এর প্রায় ৩৫-৪০ সদস্যের আরেকটি দল জয়দেব চাকমার নেতৃত্বে একই এলাকায় অবস্থান নেয়। দুই পক্ষ মুখোমুখি হওয়ার পরপরই সেখানে তীব্র গুলিবিনিময় শুরু হয়।

NewsDetails_03

এই গুলিবিনিময়ে ইউপিডিএফ (প্রসিত) এর সামরিক শাখা গণমুক্তি ফৌজের অন্তত চার সদস্য নিহত হন বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “জোড়া সিন্ধু কারবারিপাড়া এলাকায় গোলাগুলির খবর পেয়েছি। বর্তমানে ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়লেও পুলিশ ও নিরাপত্তাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।

আরও পড়ুন