খাগড়াছড়িতে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উদযাপন উপলক্ষে সেলাই প্রশিক্ষণার্থীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
শনিবার (৩১ মে) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে খাগড়াছড়ি মহিলা বিষয়ক উপপরিচালকের কার্যালয়ের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. হাসান মারুফ, ডেপুটি সিভিল সার্জন ডা. রতন খীসা ও বিভাগীয় বন কর্মকর্তা ফরিদ মিঞা। এছাড়াও মহিলা বিষয়ক কর্মকর্তা সুস্মিতা খীসা, সদর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল বাতেন মৃধা, জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ এবং সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা প্রশিক্ষণার্থীদের প্রশংসা করে তাদের দক্ষতা বৃদ্ধি এবং স্বাবলম্বী হয়ে নারীদের অর্থনৈতিক অবস্থান শক্তিশালী হবে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে।
খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, “আমরা চাই স্থানীয় জনগণ বিশেষ করে তরুণ-তরুণীরা দক্ষ হয়ে নিজেদের জীবন মান উন্নত করবে এবং সমাজে স্বনির্ভরশীল হবে। এই ধরনের উদ্যোগসমূহ তা নিশ্চিত করতে সহায়তা করবে।”



