খাগড়াছড়িতে তিন স্বতন্ত্রসহ ১১ প্রার্থীর প্রতীক বরাদ্দ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
আজ বুধবার (২১ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা মো. আনোয়ার সাদাত আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ ঘোষণা করেন।
প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে ১১ জন প্রার্থীর মধ্যে দলীয় প্রার্থীদের পাশাপাশি তিনজন স্বতন্ত্র প্রার্থীকে প্রতীক দেওয়া হয়। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে জিরুনা ত্রিপুরা পেয়েছেন কলস, ধর্ম জ্যোতি চাকমা পেয়েছেন ঘোড়া এবং বিএনপির স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ান পেয়েছেন ফুটবল প্রতীক।
দলীয় প্রার্থীদের মধ্যে বিএনপির আবদুল ওয়াদুদ ভূঁইয়াকে ধানের শীষ, জামায়াতে ইসলামীর মো. এয়াকুব আলীকে দাঁড়িপাল্লা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. কাউসারকে হাতপাখা প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

এছাড়া বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির উশ্যেপ্রু মারমা পেয়েছেন রকেট, গণঅধিকার পরিষদের দীনময় রোয়াজা পেয়েছেন ট্রাক, জাতীয় পার্টির মিথিলা রোয়াজা পেয়েছেন লাঙল, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. নুর ইসলাম পেয়েছেন আপেল এবং বাংলাদেশ মুসলিম লীগের মো. মোস্তাফা পেয়েছেন হারিকেন প্রতীক।
এর আগে খাগড়াছড়ি আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, গণঅধিকার পরিষদ ও এনসিপিসহ মোট ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে এনসিপির প্রার্থী ছাড়া ১৫ জন মনোনয়নপত্র জমা দেন।
গত ৩ জানুয়ারি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আনোয়ার সাদাত মনোনয়ন যাচাই-বাছাই শেষে সাতজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন, সাতজনের মনোনয়ন বাতিল এবং একজনের প্রার্থিতা স্থগিত করেন।
পরবর্তীতে বাতিল হওয়া প্রার্থীরা আপিল করলে আপিল কর্তৃপক্ষের সিদ্ধান্তে আরও ছয়জন প্রার্থীর মনোনয়ন বৈধতা ফিরে পায়। ফলে মোট ১৩ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
তবে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে দুজন প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করায় শেষ পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি-২৯৮ আসনে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১১ জন প্রার্থী।



