খাগড়াছড়িতে বাস উল্টে নিহত ২, আহত ১২
নিহত অনিল চাকমা ও আব্দুর রাজ্জাক
খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের মাটিরাঙ্গা উপজেলার সাপমারা এলাকায় শান্তি পরিবহনের যাত্রীবাহী বাস উল্টে দুইজন নিহত ও অন্তত ১২ জন আহত হয়েছে। নিহতরা হলেন, দীঘিনালার কবাখালি এলাকার বাসিন্দা অনিল চাকমা ও আব্দুর রাজ্জাক।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।চট্টগ্রামের উদ্দেশ্যে বাঘাইছড়ি থেকে ছেড়ে আসা শান্তি পরিবহনের একটি বাস সাপমারা এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রধান সড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন যাত্রীর মৃত্যু হয় এবং অন্তত ১২ জনের বেশি আহত হন। আহতদের খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে, এই প্রতিবেদন লেখা পর্যন্ত আহতদের নাম জানা সম্ভব হয়নি।
এই বিষয়ে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দূর্ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে, আইনী প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।



