খাগড়াছড়ি পার্বত্য জেলায় “তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি”—এই প্রতিপাদ্যে বিশ্ব তামাক মুক্ত দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।
শনিবার (৩১ মে) জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়। র্যালি শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. হাসান মারুফ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এ. বি. এম. ইফতেখারুল ইসলাম খন্দকার।

আলোচনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ির ডেপুটি সিভিল সার্জন ডা. রতন খীসা ও বিভাগীয় বন কর্মকর্তা ফরিদ মিঞা। এছাড়াও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়।
বক্তারা বলেন, তামাক একটি মরণব্যাধির পথপ্রদর্শক। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে তামাকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে এবং তামাকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। বক্তারা তামাকবিরোধী সামগ্রিক মূল্যবোধ গঠনের ওপর গুরুত্বারোপ করেন এবং তামাক নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনার আহ্বান জানান।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী, বাংলাদেশে প্রতিবছর তামাকজনিত রোগে আক্রান্ত হয়ে হাজার হাজার মানুষ প্রাণ হারাচ্ছে। তাই সরকারের পাশাপাশি সকল শ্রেণি-পেশার মানুষকে তামাকমুক্ত সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।



