খাগড়াছড়ির পানছড়ি উপজেলার পূজগাং এলাকায় সন্দেহজনক চলাফেরার কারণে তিন ভারতীয় নাগরিককে আটক করেছে যৌথবাহিনীর সদস্যরা।
বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক তিনজনই ভারতের ত্রিপুরা রাজ্যের বাসিন্দা।
আটক হওয়া ব্যক্তিরা হলেন—ত্রিপুরার গোমতি জেলার নতুন বাজার থানার গ্রুইনাং পাড়ার বাসিন্দা দইচন্দ্র রিয়াংয়ের ছেলে জেমস কুমার রিয়াং (৩৩), জেষ্টমহন রিয়াংয়ের ছেলে তরসেন রিয়াং (৩০) এবং লাল মান জুয়ালার ছেলে লালথাকমা রিয়াং (৩২)।

সূত্র জানায়, গত ৬ ডিসেম্বর তারা ভারতের ধলাই জেলার রইশ্যাবাড়ি থানার চপলিং ছড়ার চোরাপথ দিয়ে পানছড়ির রুপসেন পাড়া হয়ে বাংলাদেশে প্রবেশ করেন। এরপর রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার রাকিয়ং লেক এলাকায় যান। সেখান থেকে বুধবার ফের ভারত যাওয়ার উদ্দেশ্যে চোরাপথে যাত্রাকালে যৌথবাহিনীর হাতে আটক হন।
পানছড়ি থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, আটক লালথাকমা রিয়াং ওরফে প্রশান্ত ত্রিপুরা রাঙ্গামাটির বিলাইছড়ির রাকিয়ং লেক এলাকার লোক হলেও ২০২০ সালে স্থায়ীভাবে ভারতে গিয়ে বিয়ে করেন এবং সেখানকার নাগরিকত্ব নেন। তার মা–বাবা এখনও বাংলাদেশের নাগরিক। বড় মেয়ে সিয়ারই রিয়াংয়ের চিকিৎসার জন্য তিনি পরিবারের কাছ থেকে টাকা নিতে ভারতীয় দুই বন্ধুকে সঙ্গে নিয়ে অবৈধভাবে বাংলাদেশে আসেন।
ওসি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।



