গণভোটে রাষ্ট্র সংস্কারের আহ্বান : নাইক্ষ্যংছড়িতে অবহিতকরণ সভা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, গ্রাম পুলিশ, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সুধীজনের অংশগ্রহণে “গণভোট-২০২৬ সংসদ নির্বাচন : দেশের চাবি আপনার হাতে” শীর্ষক এক গণভোট অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের অডিটোরিয়াম হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংসদ নির্বাচন-২০২৬ ও গণভোটের প্রয়োজনীয়তা ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগ, বান্দরবানের উপ-পরিচালক মাহবুবউল করিম।

প্রধান অতিথির বক্তব্যে মাহবুবউল করিম বলেন, “২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে রাষ্ট্র সংস্কারের একটি বড় আকাঙ্ক্ষা জনগণের মধ্যে প্রকাশ পেয়েছে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ। রাষ্ট্রকে পরিবর্তন করতে হলে আগে সংবিধান পরিবর্তন করতে হবে।”

NewsDetails_03

তিনি আরও বলেন, “রাষ্ট্রের মালিক যেহেতু জনগণ, সে লক্ষ্যেই সাধারণ মানুষের মতামত জানতেই গণভোটের আয়োজন করা হয়েছে। আমরা যদি আগামীর বাংলাদেশকে সংস্কার ও পরিবর্তন করতে চাই, তবে ‘হ্যাঁ’ ভোট দেবো। আর যদি পরিবর্তন না চাই, তবে ‘না’ ভোট দেবো—এই সিদ্ধান্ত জনগণের।”

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— নাইক্ষ্যংছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমাত জাহান ইতু, বান্দরবান জেলার সহকারী কমিশনার (ভূমি) চৈতন্য রাজবংশী, এবং বান্দরবান স্থানীয় সরকার উপ-পরিচালকের কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা জুলেখা বেগম।

বক্তারা বলেন, গণভোট একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। জনগণের প্রত্যক্ষ মতামতের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার কাঠামো নির্ধারণ হলে ভবিষ্যৎ বাংলাদেশ আরও শক্তিশালী ও জবাবদিহিমূলক রাষ্ট্রে রূপ নেবে।

সভায় আরও উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, গ্রাম পুলিশ এবং স্থানীয় সুধী সমাজের প্রতিনিধিরা।

বক্তারা গণভোট বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান।

আরও পড়ুন