গুলি খেতে না চাইলে ও দুর্নীতি থেকে বাঁচতে চাইলে এনসিপিতে আসুন : হাসনাত আবদুল্লাহ

রাঙামাটিতে এনসিপি'র সমন্বয় সভা

গুলি খেতে না চাইলে এবং অনিয়ম, ঘুষ ও দুর্নীতি থেকে বাঁচতে চাইলে এনসিপিতে চলে আসুন, বিএনপির উদ্দেশে এমন আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।

আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে রাঙামাটি শহরের প্রফেসর কুমার সুমিত রায় জিমনেসিয়ামে তিন পার্বত্য জেলা—রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার এনসিপি সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, যারা অতীতে অন্যায় নির্যাতন ও জুলুমের শিকার হয়েছেন, তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে। বিএনপি-জামায়াতে যদি নিরাপদ না মনে করেন, তাহলে এনসিপিতে আসুন। এখন সময় এসেছে আওয়ামী লীগকে না বলার।

তিনি আরও বলেন, এনসিপির জন্ম রাজপথে। আগামীতে যা কিছু আসুক, তা রাজপথেই আসবে। আগামী দশ বছরের মধ্যে এনসিপি সরকার গঠন করবে। যারা ব্যালটের প্রস্তুতি না নিয়ে বুলেটের প্রস্তুতি নিচ্ছেন, জনগণ ব্যালটের মাধ্যমেই তাদের জবাব দেবে।

NewsDetails_03

অস্ত্র, চাঁদাবাজি ও মাফিয়াতন্ত্রের রাজনীতি থেকে জনগণ ক্লান্ত উল্লেখ করে তিনি বলেন, আগামী নির্বাচনে ভোট হবে মাফিয়া, চাঁদাবাজ ও বুলেটের বিরুদ্ধে। যারা ব্যালটের চেয়ে বুলেটকে শক্তিশালী করেছে, তাদের বিচার হবে।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সন্ত্রাসী, চাঁদাবাজ ও জুলাই সনদের বিপক্ষে যারা গিয়েছেন, তাদের সঙ্গে আমরা জোট করব না। এনসিপি জোটে নয়, রাষ্ট্র পুনর্গঠনে বিশ্বাসী। আমরা খেলতে আসিনি, পুরো খেলার নিয়ম পরিবর্তন করতে এসেছি।

চুপ্পুর হাত থেকে জুলাই সনদ না নেওয়ার ঘোষণা দিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, চুপ্পুর হাত থেকে জুলাই সনদ নেওয়ার চেয়ে বিষ খাওয়া ভালো। আমরা চাই না ভবিষ্যতের বাংলাদেশে আর কোনো ডিবি হারুন বা বেনজির জন্ম নিক।

সভায় সভাপতিত্ব করেন এনসিপি রাঙামাটি জেলার প্রধান সমন্বয়কারী বিপিন জ্যোতি চাকমা। এতে আরও বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়কারী জুবাইরুল হাসান, বিভাগীয় সমন্বয়কারী এ এস এম সুজাউদ্দিন, পার্বত্য অঞ্চল তত্ত্বাবধায়ক ইমন ছৈয়দ, শ্রমিক শক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক কলিন চাকমা, বান্দরবানের প্রধান সমন্বয়কারী শহিদুর রহমান সোহেল ও খাগড়াছড়ির প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট মনজিলা ঝুমা প্রমুখ।

আরও পড়ুন