চুক্তি বাস্তবায়ন ও আদিবাসী স্বীকৃতির দাবিতে রাঙামাটিতে আদিবাসী দিবস পালিত
রাঙামাটিতে আন্তর্জাতিক আদিবাসী দিবস নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। আজ শনিবার পৌরসভা প্রাঙ্গণে “আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার সার্থক প্রয়োগ” শীর্ষক আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি রাঙামাটির প্রাক্তন সংসদ সদস্য উষাতন তালুকদার বলেন, পার্বত্য এলাকার আদিবাসীরা এখনও নিপীড়ন ও শোষণের শিকার। পার্বত্য চুক্তির বাস্তবায়ন হয়নি এবং নির্বাচনের ব্যাপারেও অনিশ্চয়তা রয়েছে, যা আন্তর্জাতিক শক্তির ইচ্ছার ওপর নির্ভরশীল।

আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন কমিটির আহবায়ক প্রকৃতি রঞ্জন চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরূপা দেওয়ান ও গবেষক শিশির চাকমা বক্তব্য দেন।
অংশগ্রহণকারীরা ঐতিহ্যবাহী পোশাকে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রা অনুষ্ঠিত করেন। বক্তারা আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও জাতিসংঘ ঘোষিত আদিবাসী বিষয়ক ঘোষণাপত্রে স্বাক্ষরের দাবি জানান। দাবিগুলো বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করার হুশিয়ারি দেন তারা।



