ছয় দফা দাবীতে বান্দরবানে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচী
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ছয় দফা দাবীতে বান্দরবানে কর্মরত স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন, বান্দরবান জেলা শাখার উদ্যোগে আজ মঙ্গলবার (০৮ জুলাই) সকালে বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ের সামনে জেলায় কর্মরত সকল স্বাস্থ্য সহকারীদের অংশগ্রহণে এই কর্মসূচী পালন করা হয়।

অবস্থান কর্মসূচীতে বক্তারা বলেন, ১৯৭৯ সাল থেকে ইপিআই কর্মসূচীর মাধ্যমে দূর্গম পাহাড়ী এলাকায় জীবনের ঝুঁকি নিয়ে দীর্ঘদিন ধরে আমরা কাজ করে আসছি। কিন্তু দু:খের বিষয় সে থেকে অদ্যাবধি পর্যন্ত ১৬তম গ্রেডে চাকরি করে আসছি। কিন্তু পশু হাসপাতাল থেকে শুরু করে সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত একই গ্রেডের কর্মচারীদের পদোন্নতি হলেও এখনো পর্যন্ত আমাদের গ্রেড পরিবর্তন করা হয়নি। যা অত্যন্ত দু:খজনক এবং আমাদের সাথে বৈষম্য করা হয়েছে। তাই পূর্বে ইন সার্ভিস ডিপ্লোমা এসআইটি কোর্স সম্পূর্ণকারী স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শকদের ডিপ্লোমাধারী সম্পন্ন হিসেবে গণ্য করে সরাসরি ১১তম গ্রেডে উন্নীতকরণের পাশাপাশি কেন্দ্রীয় ঘোষিত ৬ দফা দাবী বাস্তবায়নের জোর দাবী জানান তারা।
কর্মসূচীতে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন বান্দরবান জেলা শাখার আহ্বায়ক রমিজ উদ্দিন, সদস্য সচিব উখ্যসিং খেয়াং, সদস্য সুজলা চাকমা, সৈয়দ খালিদ মাহমুদ সহ প্রায় শতাধিক স্বাস্থ্যকর্মীরা অংশগ্রহণ করে।



