ঝরা পাতায় জীবনের কথা

শীতের শেষ বসন্তের স্পর্শে পাহাড়ি জনপদ মাটিরাঙ্গার প্রকৃতি যেন এক অপূর্ব রূপান্তরের গল্প শোনাচ্ছে। চারপাশে শুকনো পাতার মচমচে শব্দ বৃক্ষের শাখা-প্রশাখা থেকে ঝরে পড়ছে পুরোনো দিনের স্মৃতি। বাতাসে হালকা শীতের ছোঁয়া থাকলেও রোদে যেন বসন্তের নরম উষ্ণতা।

একদিকে শীতের অবসানে গাছেরা ঝরিয়ে দিচ্ছে তাদের জীর্ণ পাতা, অন্যদিকে বসন্তের আগমনী বার্তায় নব পল্লবে সুশোভিত হয়ে উঠছে সেই একই বৃক্ষ। যেন প্রকৃতি নিজেই শিখিয়ে দিচ্ছে শেষ মানেই নতুন শুরুর প্রতিশ্রুতি।

মাটিরাঙ্গার বিভিন্ন সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণ ও পাহাড়ি ঢালে এখন চোখে পড়ে এই দ্বৈত রূপ। কোথাও মাটিজুড়ে সোনালি-খয়েরি পাতার আস্তরণ, আবার কোথাও কচি সবুজ পাতার কোমল আভা। ভোরের আলো যখন নব পল্লবে পড়ে, তখন পুরো পরিবেশে তৈরি হয় এক প্রশান্ত সৌন্দর্য। পাখির কূজন আর মৃদু বাতাসে দোল খাওয়া নতুন পাতার শব্দ মিলিয়ে সৃষ্টি করে এক নির্মল সুর।

মাটিরাঙ্গার কোয়ার্টার পাড়ায় পা রাখলেই চোখে পড়ে চিরচেনা অথচ নতুন বিস্ময়ের সেই দৃশ্য। ঝরে পড়া পত্রপল্লবে ঢেকে আছে পথের দু’ধার। পাতার জন্য পথের দিশা খুঁজে পাওয়া কঠিন হয়ে যাচ্ছে। পথ যেন পাতার গালিচা বিছিয়ে দিয়েছে। গাছের গোড়ায় যেন অদৃশ্য কোনো শিল্পী নিঃশব্দে বিছিয়ে দিয়েছে মরা পাতার নরম বিছানা। সোনালি, খয়েরি আর ধূসর রঙের স্তরে স্তরে সাজানো সেই পাতার আস্তরণে সূর্যের আলো পড়ে তৈরি করে এক মায়াবী আভা।

হাঁটতে গেলেই পায়ের নিচে মচমচে শব্দ মনে হয় প্রকৃতি নিজেই কথা বলছে। সেই শব্দে কেবল কান নয়, শিহরিত হয় মনও। প্রতিটি পদক্ষেপে যেন ঝরে পড়া দিনের স্মৃতি ভেঙে নতুন দিনের সুর বেজে ওঠে। চারপাশের নীরবতার ভেতর এই মচমচে আওয়াজ এক অদ্ভুত সঙ্গীতের জন্ম দেয়, যা ব্যস্ত জীবনের কোলাহল থেকে অনেক দূরের শান্তির বার্তা বহন করে।

ইচ্ছে হয়, যদি হিমুর মতো খালি পায়ে হেঁটে যাওয়া যেত সেই পাতার বিছানার উপর দিয়ে পায়ের পাতায় লাগত শীতল মাটির স্পর্শ, শুকনো পাতার কোমল খসখসে অনুভূতি। তখন হয়তো আরও গভীরভাবে অনুভব করা যেত প্রকৃতির এই রূপান্তর পুরোনোকে ঝরিয়ে দিয়ে নতুনকে স্বাগত জানানোর নিঃশব্দ আয়োজন।

কোয়ার্টার পাড়ার এই পথ যেন কেবল একটি রাস্তা নয়, এটি ঋতু বদলের এক জীবন্ত গ্যালারি যেখানে প্রতিটি ঝরা পাতা একটি গল্প, প্রতিটি মচমচে শব্দ একটি অনুভব, আর প্রতিটি পদচারণা এক নতুন উপলব্ধির দরজা খুলে দেয়। শিক্ষার্থীরা বিদ্যালয়ের যাবার পথে দাঁড়িয়ে এসব দেখে বিমোহিত হয়।

স্থানীয় প্রবীণরা বলেন, প্রতি বছর এ সময়টায় এমন দৃশ্য দেখা গেলেও প্রকৃতির এই পরিবর্তন কখনও একঘেয়ে লাগে না। বরং প্রতিবারই নতুন করে মুগ্ধ করে। অনেকেই বিকেলে পরিবার নিয়ে বের হচ্ছেন প্রকৃতির এই রূপ উপভোগ করতে। তরুণরা মোবাইল ক্যামেরায় ধরে রাখছেন বসন্তের আগমনী মুহূর্ত।

NewsDetails_03

উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও শিক্ষার্থীদের মাঝে বইয়ের পাতার বাইরের এই প্রাকৃতিক পাঠ নিয়ে আলোচনা হচ্ছে। শিক্ষকরা বলছেন, ঋতু পরিবর্তনের এই দৃশ্য শিক্ষার্থীদের জন্য জীবনের দার্শনিক বার্তাও বহন করে পুরোনোকে বিদায় জানিয়ে নতুনকে গ্রহণ করার শিক্ষা।

গার মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থী বলেন, “কোয়ার্টার পাড়ায় ঝরে পড়া পাতার মচমচে শব্দ আর নব পল্লবের সবুজ আভা আমাদের খুব প্রফুল্ল করে। মনে হয় প্রকৃতি আমাদেরও শিখাচ্ছে পুরোনোকে বিদায় দিয়ে নতুনকে স্বাগত আমি প্রতিদিন এই পথ দিয়ে বিদ্যালয়ে যাই আর পাতার উপল আলতো ছোঁয়ার স্পর্শ অনুভব করি।

মাটিরাঙ্গার কোয়ার্টার পাড়ার গৃহবধূ রাবেয়া আক্তার বলেন, “জ্বালানি কাঠের দাম এখন অনেক বেশি, গ্যাসের দামও যেন আকাশছোঁয়া। তাই বাধ্য হয়ে ঝরা পাতা কুড়িয়ে এনে রান্না করি। প্রতিদিন আশপাশ থেকে শুকনো পাতা সংগ্রহ করি। পাতা কুড়াতে কুড়াতে কখনও মনে হয়, মানুষের জীবনের সঙ্গেও এই ঝরা পাতার মিল আছে—একসময় সবুজ ছিল, সময়ের সাথে ঝরে পড়ে, তবু কোনো না কোনোভাবে আবার কাজে লাগে।”

তিনি জানান, কিছু শুকনো পাতা বস্তায় ভরে রেখে দেন, যেন বর্ষা মৌসুমে ভেজা সময়েও বের করে ব্যবহার করতে পারেন। তবে এসব পাতায় রান্না করাও সহজ নয়। “চুলায় আগুন ধরাতে অনেক কষ্ট হয়। একবার আগুন ধরলে পাশে বসে থাকতে হয়, চুলা ফেলে অন্যদিকে যাওয়ার সুযোগ নেই। তবু সংসারের টানে এই কষ্ট মেনেই নিতে হয়,”।

মাটিরাঙ্গার কোয়ার্টার পাড়ার বাসিন্দা দন্ত চিকিৎসক সাদ্দাম হোসেন ঝরে পড়া পাতা ও নব পল্লবের দৃশ্য দেখে মুগ্ধ হয়ে তিনি বলেন, “পায়ে লাগা মচমচে পাতার শব্দ আর চারপাশের সবুজ নব পল্লব মনে শান্তি দেয়। এখান দিয়ে হেঁটেই প্রকৃতির পরিবর্তন অনুভব করা যায়।”

মাটিরাঙ্গার শান্তিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, “শীতের শেষে ঝরা পাতা আর বসন্তের নব পল্লব আমাদের জীবনের বাস্তব শিক্ষাই দেয়। পুরোনোকে ঝরিয়ে নতুনভাবে শুরু করার বার্তা এতে স্পষ্ট। শিক্ষার্থীদেরও বলি প্রকৃতির মতো নিজেদেরও সময়ের সাথে বদলে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।”

মাটিরাঙ্গার কোয়ার্টার পাড়ার সরকারি কোয়ার্টারে বসবাস করেন মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম
ঋতু পরিবর্তনের এই সময়ের সৌন্দর্য নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, “প্রতিদিন ভোরে হাঁটতে বের হলে কোয়ার্টার পাড়ার পথজুড়ে ঝরে পড়া শুকনো পাতার মচমচে শব্দ আমাকে অন্যরকম প্রশান্তি দেয়। মনে হয়, প্রকৃতি নিজেই যেন নতুন করে বাঁচার শিক্ষা দিচ্ছে। শীতের শেষে গাছগুলো পুরোনো পাতা ঝরিয়ে দেয়, আবার বসন্তে নতুন পল্লবে ভরে ওঠে এটাই তো জীবনের চিরন্তন চক্র।
আমাদের শিক্ষার্থীদেরও আমি প্রায়ই বলি, প্রকৃতির এই পরিবর্তন থেকে শিক্ষা নিতে। জীবনে বাধা বা হতাশা আসতেই পারে, কিন্তু ঠিক যেমন গাছ নতুন পাতায় সুশোভিত হয়, তেমনি আমাদেরও নতুন উদ্যমে এগিয়ে যেতে হবে। কোয়ার্টার পাড়ার এই পরিবেশ শুধু মনকে শান্ত করে না, চিন্তা ও সৃষ্টিশীলতাকেও জাগ্রত করে।”

তিনি আরও বলেন, সরকারি কোয়ার্টারে বসবাসের সুবাদে প্রতিদিন খুব কাছ থেকে প্রকৃতির এই রূপান্তর প্রত্যক্ষ করার সুযোগ পান তিনি। ব্যস্ত শিক্ষাজীবনের মাঝেও এই ঝরা পাতা আর নব পল্লব তাঁর মনে এনে দেয় এক গভীর স্বস্তি ও অনুপ্রেরণা।

প্রকৃতির নিয়মেই ঝরা পাতা একদিন মাটিতে মিশে যাবে, সেখান থেকেই জন্ম নেবে নতুন প্রাণের সম্ভাবনা। মাটিরাঙ্গার এই সময়ের রূপ তাই কেবল ঋতু বদলের গল্প নয়; এটি পুনর্জাগরণ, আশাবাদ ও জীবনের চিরন্তন চক্রের এক জীবন্ত প্রতিচ্ছবি।

আরও পড়ুন