দরিদ্রদের উৎসবের আনন্দ বাড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান পার্বত্য মন্ত্রীর
পাহাড়ের দরিদ্র জনগোষ্ঠী যাতে উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে পারে, সেজন্য সমাজের বিত্তবানদের মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান।
আজ মঙ্গলবার (৩ মার্চ) সকালে রাঙামাটি শহরে দরিদ্র মানুষের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সর্বস্তরের মানুষের কল্যাণে কাজ শুরু করেছেন। তাঁর নির্দেশনায় সারাদেশে প্রকৃত সুবিধাভোগীদের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র পরিবারগুলো যেন এ সুবিধা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।

সাম্প্রদায়িক সম্প্রীতির প্রসঙ্গে মন্ত্রী বলেন, পাহাড়ে বসবাসরত পাহাড়ি ও বাঙালি সম্প্রদায় দীর্ঘদিন ধরে পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থানের মধ্য দিয়ে বসবাস করছে। এই সম্প্রীতি অটুট রেখে আগামীতে সকল ধর্মীয় ও সামাজিক উৎসব আরও সার্বজনীনভাবে উদযাপিত হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে রাঙামাটির বিশিষ্ট ব্যবসায়ী সাহাব উদ্দিনের পরিবারের উদ্যোগে স্থানীয় দরিদ্র মানুষের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে বিএনপি নেতা মানস মুকুল চাকমা, বিশিষ্ট ব্যবসায়ী সাহাব উদ্দিন, মসজিদের ইমাম মাওলানা হারুন, হাফেজ মো. আফসার উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



