
স্থানীয় সূত্রে জানা যায়, রোহিঙ্গা পারাপার ঠেকাতে জিরো পয়েন্টে স্থলমাইন পুঁতে রেখেছে মিয়ানমার সেনাবাহিনী। মঙ্গলবার দুপুরে রোহিঙ্গা শিশু কায়সার ও আলম কয়েকটি মাইন দেখতে পেয়ে খেলার ছলে ঢিল ছুঁড়ে বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করে। তারমধ্যে একটি মাইন বিস্ফোরণ হলে গুরুতর আহত হয় দুই শিশু। এদের মধ্যে কায়সারের মাথায় ও আলমের কপালে গুরুতর জখম হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে সীমান্ত পাড়ি দিয়ে উখিয়া শরণার্থী ক্যাম্পের ইউএনএইচসিআর হাসপাতালে ভর্তি করান।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম সরওয়ার কামাল জানান, মঙ্গলবার পৌনে ১২টা ও ১টার দিকে পর পর দুটি মাইন বিস্ফারণ ঘটে মিয়ানমারের ওপারে। এ ঘটনায় দুই শিশু আহত হওয়ার খবর শুনেছেন।
উল্লেখ্য, গতকাল সোমবার জেলার নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তের ৩১নং পিলারের রায়বুনিয়া এলাকায় স্থল মাইন বিস্ফোরণে সাবেকুন্নাহার (৪৫) নামের এক রোহিঙ্গা গুরুতর আহত হয়।


