নারীদের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : ক্যসাপ্রু
নারীদের উন্নয়নে সবাইকে কাজ করতে হবে। বর্তমান সমাজে নারীরা আর পিছিয়ে নেয়, সর্বক্ষেত্রে নারীরা এগিয়ে যাচ্ছে। বিশেষ করে পাহাড়ে নারীরা আত্ম কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে নিজেদেরকে স্বাবলম্বী করে তুলেছে।
আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে বান্দরবান সদর উপজেলা পরিষদের হলরুমে জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে তৃণমুল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আওতায় এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্যসাপ্রু এ মন্তব্য করেন।
এসময় তিনি আরো বলেন, শুধু তাই নয় কোমড় তাঁত থেকে শুরু করে বিভিন্ন ধরনের হস্তশিল্প তৈরী করছে পাহাড়ের নারীরা। সম্প্রতি কলা গাছের আশ থেকেও বিভিন্ন ধরনের হস্তশিল্প তৈরী করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে পাহাড়ের নারীরা। তাই নারীদের ক্ষমতায়নে সহযোগিতার পাশাপাশি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে জাতীয় মহিলা সংস্থা বান্দরবান জেলা শাখার চেয়ারম্যান জোহরা বেগম চৌধুরী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্যসাপ্রু।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, সদর উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবীবা মীরা, জাতীয় মহিলা সংস্থা বান্দরবান জেলা শাখার জেলা নির্বাহী অফিসার সা চ শৈ, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হক, প্রশিক্ষণ কর্মকর্তা সৌখিন ত্রিপুরাসহ বিভিন্ন এলাকা থেকে আগত শতাধিক নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখতে গিয়ে জাতীয় মহিলা সংস্থা বান্দরবান জেলা শাখার প্রশিক্ষণ কর্মকর্তা সৌখিন ত্রিপুরা বলেন, তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের মাধ্যমে ২ লক্ষ ৫৬হাজার জন সুবিধা বঞ্চিত ও কম সুযোগ প্রাপ্ত মহিলাদের ৭টি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে, ফলে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মিশন ও ভিশন অর্জনে অবদান রাখবে। প্রকল্পটি মূলত কারিগরি প্রশিক্ষণ ভিত্তিক প্রকল্প। সুতরাং প্রকল্পের সকল কার্যক্রম প্রশিক্ষণ যেমন ইন্টেরিয়র ডিজাইন এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, বিউটিফিকেশন, ক্যাটারিং, ফ্যাশন ডিজাইন, বেবী কেয়ার ও হাউজ কিপিং এর বিষয়ে নারীদেরকে প্রশিক্ষিত করে তোলা হচ্ছে। এছাড়াও এই সকল বিষয়ে প্রশিক্ষন নিয়ে নারীরা তাদের জ্ঞানকে কিভাবে দেশের অর্থনীতিতে কাজে লাগাবে এই জন্য তাদেরকে ব্যবসায় ব্যবস্থাপনা ও ই-কর্মাস প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
সভাপতির বক্তব্যে জাতীয় মহিলা সংস্থা বান্দরবান জেলা শাখার চেয়ারম্যান জোহরা বেগম চৌধুরী বলেন, এই প্রকল্পের আওতায় বেকার ও সুবিধা বঞ্চিত নারীদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিয়ে স্ব-নির্ভর করা হচ্ছে।
এসময় তিনি আরো বলেন, এই প্রকল্প বাংলাদেশের ৮টি বিভাগের ৮০টি কেন্দ্রে প্রশিক্ষণ চলছে। বান্দরবান সদর কেন্দ্রে এই প্রশিক্ষণ চালু হয়েছে ডিসেম্বর ২০২১সাল হইতে। এই কেন্দ্র্রে ৫টি বিষয়ের উপর প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। প্রশিক্ষণের পরে প্রশিক্ষণার্থীদের প্রতিদিনের উপস্থিতির উপর ১৫০ টাকা করে ভাতা প্রদান করা হয়ে থাকে এবং সেই সাথে তাদের সার্টিফিকেটও প্রদান করা হয়ে থাকে, এছাড়াও প্রশিক্ষণার্থীদের উদ্যোক্তা হওয়ার যাবতীয় সহযোগিতা অব্যাহত রয়েছে।



