নির্বাচনী গণসংযোগে গুলিবর্ষণের প্রতিবাদে নাইক্ষ্যংছড়িতে বিক্ষোভ মিছিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী এবং চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহকে নির্বাচনীয় গণসংযোগকালে হত্যার উদ্দেশ্যে গুলিবর্ষণের ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারীতে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল আনুমানিক ৪টায় বাইশারী বাজার চত্বরে বাইশারী ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বাইশারী বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার চত্বরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে পরিণত হয়।

সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির নেতা ও সাংগঠনিকভাবে বাইশারী ইউনিয়নের নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত মো. সাইফুদ্দিন বাহাদুর বলেন, নির্বাচনী মাঠে বিরোধী মত দমনে সন্ত্রাসী হামলা ও গুলিবর্ষণ প্রমাণ করে দেশে এখনো অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত হয়নি। এই হামলার মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণ করার অপচেষ্টা চলছে। অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে হবে।

তিনি আরও বলেন, বিএনপি গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠায় রাজপথে ছিল, আছে এবং থাকবে। হামলা-মামলা দিয়ে বিএনপিকে দমন করা যাবে না।

NewsDetails_03

এসময় বক্তব্য রাখেন নাইক্ষ্যংছড়ি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম রাকিব। তিনি বলেন, নির্বাচনী প্রচারণায় প্রকাশ্যে গুলি চালানো একটি ভয়াবহ দৃষ্টান্ত। এর মাধ্যমে জনগণকে আতঙ্কিত করার অপচেষ্টা করা হচ্ছে। যুবসমাজ এসব সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে।

বক্তব্য দেন বাইশারী ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের সাবেক সভাপতি মো. জসিম উদ্দিন, বাইশারী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. সাব্বির আহমদ এবং নাইক্ষ্যংছড়ি উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য মো. রমজান আলম। বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সমাবেশে উপজেলা বিএনপি, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে, এর আগে একইদিন দুপুর আনুমানিক ২টায় করলিয়ামুরা বটতলী বাজারে বাইশারী ইউনিয়ন বিএনপির ৪নং ওয়ার্ড কার্যালয়ের উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন