নির্বাচনী দায়িত্বে প‌ু‌লি‌শের পেশাদারিত্ব চাই : রাঙামাটির এসপি

রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের উদ্যোগে তিন দিনব্যাপী চতুর্থ পর্যায়ের ১৫তম ব্যাচের নির্বাচনী দায়িত্ব প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (০২ ডিসেম্বর) রাঙামাটি পুলিশ লাইন্স কনফারেন্স রুমে এই কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশের দায়িত্বশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্ব পালনের সময় ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইন-শৃঙ্খলা বজায় রাখতে প্রতিটি সদস্যকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কাজ করতে হবে। রাঙামাটি জেলা পুলিশ নিরপেক্ষতা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রেখে নির্বাচনী দায়িত্ব পালন করবে। শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে এই প্রশিক্ষণ কর্মশালার গুরুত্ব বিশেষভাবে উল্লেখযোগ্য।

NewsDetails_03

তিনি আরও বলেন—প্রশিক্ষণের মাধ্যমে মাঠপর্যায়ের সদস্যরা যেসব জ্ঞান ও দক্ষতা অর্জন করবেন, তা নির্বাচনী দায়িত্ব যথাযথভাবে পালনে অত্যন্ত সহায়ক হবে। আমরা চাই, রাঙামাটি জেলা পুলিশ তাদের নিষ্ঠা, শৃঙ্খলা ও স্বচ্ছতার মাধ্যমে একটি শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিক।

তিন দিনব্যাপী এই প্রশিক্ষণে রাঙামাটি জেলার বিভিন্ন ইউনিট থেকে আগত মোট ৫০ জন পুলিশ সদস্য অংশগ্রহণ করছেন।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম, সহকারী পুলিশ সুপার (এসএএফ) মোজাম্মেল হক-সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন