নির্বাচিত হতে পারলে কাপ্তাইকে মডেল উপজেলা হিসেবে তৈরি করা হবে : দীপেন দেওয়ান
কাপ্তাইয়ে জনসভা
রাঙামাটি সংসদীয় আসন হতে বিএনপি কর্তৃক মনোনিত ধানের শীষ প্রতিক নিয়ে প্রতিদ্বন্ধিতাকারী কেন্দ্রীয় বিএনপি’র সহ ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে নির্বাচিত হতে পারলে কাপ্তাইকে মডেল উপজেলা হিসেবে তৈরি করা হবে। চন্দ্রঘোনা-রাইখালী ব্রিজ নির্মাণ, কেপিএম ও কেআরসি সম্পূর্ণরূপে চালু করণ,কর্ণফুলী সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তর করণ, কাপ্তাইকে মৌজা ঘোষণা সহ মডেল উপজেলা হিসাবে যা যা করতে হবে সব কিছু করা হবে। মনে রাখবেন আমি কাপ্তাইয়ের লোক।
তিনি আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে কাপ্তাই উপজেলার বড়ইছড়ি কর্ণফুলি স্টেডিয়ামে ধানের শীষের সমর্থনে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

কাপ্তাই উপজেলা বিএনপি’র নির্বাচনী পরিচালনা কমিটির আয়োজনে অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির আহবায়ক ও উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ।নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দিলদার হোসেন এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি’র সহ উপজাতি বিষয়ক সম্পাদক লে: কর্নেল (অব:) মনীষ দেওয়ান, কেন্দ্রীয় বিএনপির সদস্য সাথি উদয় কুসুম বড়ুয়া,রাঙামাটির জেলা বিএনপি’র সভাপতি দীপন তালুকদার দিপু, সাধারণ সম্পাদক ও জেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, জেলা বিএনপির
সহ-সভাপতি ও জেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সাবেক মেয়র সাইফুল ইসলাম (ভূট্টো), জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক আলী আকবর সুমন প্রমূখ।
এ সময় জেলা, উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সাংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর আগে বিকেল ২ টা হতে প্ল্যাকেট, ব্যানার হাতে স্লোগানে স্লোগানে কাপ্তাই উপজেলার ৫ টি ইউনিয়ন হতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্টেডিয়ামে এসে জড়ো হতে শুরু করেন। অনুষ্ঠানে তনচংগ্যা কল্যাণ সংস্থা’র কাপ্তাই উপজেলার আঞ্চলিক সভাপতি অজিত কুমার তনচংগ্যা’র নেতৃত্বে তনচংগ্যা সম্প্রদায়ের ৫০ জন নারী পুরুষ দীপেন দেওয়ান এর হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেন।



