পরীক্ষা স্থগিত না হলে আন্দোলনের হুমকি নাগরিক পরিষদের
নিয়োগে অনিয়মের অভিযোগ
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের হস্তান্তরিত প্রাথমিক শিক্ষা বিভাগে সহকারী শিক্ষক নিয়োগের চলমান প্রক্রিয়া বাতিল ও আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিতব্য নিয়োগ পরীক্ষা স্থগিতের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, রাঙামাটি জেলা শাখা।
গত রবিবার (৯ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনের জেলা সভাপতি মোহাম্মদ সোলায়মান ও সাধারণ সম্পাদক ডা. মুহাম্মদ ইব্রাহিম এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সম্পূর্ণ নিয়মবহির্ভূত, একতরফা ও বৈষম্যমূলকভাবে সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করছে। প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে কোনো কোটা কিংবা শূন্যপদের সংখ্যা উল্লেখ করা হয়নি। সরকার নির্ধারিত ৭ শতাংশ কোটা সংরক্ষণের প্রজ্ঞাপন থাকা সত্ত্বেও পরিষদ ৭০ শতাংশ উপজাতি ও ৩০ শতাংশ বাঙালি অনুপাতে নিয়োগ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে বলে অভিযোগ করা হয়।

সংগঠনের নেতারা আরও বলেন, জেলা পরিষদ সংস্থাপন মন্ত্রণালয়ের পরামর্শ ছাড়াই নিয়োগ কার্যক্রম চালাচ্ছে, যা সরকারি নির্দেশনার পরিপন্থী। তাঁরা অভিযোগ করেন, ৫ আগস্ট ২০২৪-এর ছাত্র–জনতার বিপ্লব-পরবর্তী বৈষম্যমুক্ত বাংলাদেশের চেতনার বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে রাঙামাটি জেলা পরিষদ।
নাগরিক পরিষদের পক্ষ থেকে হুশিয়ারি উচ্চারণ করে বলা হয়, ১৪ নভেম্বরের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত ও প্রক্রিয়া বাতিলের উদ্যোগ না নিলে জেলা পরিষদের অনিয়ম ও বৈষম্যের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
তাঁরা আরও জানান, একতরফা নিয়োগনীতি অব্যাহত থাকলে বর্তমান জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদারের পদত্যাগের দাবিতে একদফা আন্দোলনের ডাক দেওয়া হবে।



