পর্যটন শিল্পই পারে ঐক্য ও উন্নয়নের সেতুবন্ধন গড়তে : ঢাবি ভিসি
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের যৌথ উদ্যোগে আয়োজিত দুইদিনব্যাপী রাবিপ্রবি ন্যাশনাল ট্যুরিজম কনফারেন্স ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেছেন, পর্যটন শিল্প সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে একত্রিত করে ঐক্য ও উন্নয়নের শক্ত ভিত্তি গড়ে তুলতে পারে।
আজ শুক্রবার (১৬ জানুয়ারি) বিকাল ৩টা ৩০ মিনিটে রাবিপ্রবির একাডেমিক ভবন-১-এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঢাবি ভিসি বলেন, এ ধরনের জাতীয় পর্যায়ের কনফারেন্স রাঙামাটির মতো সম্ভাবনাময় অঞ্চলে পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত পেশাজীবী, গবেষক ও নীতিনির্ধারকদের এক ছাদের নিচে এনে কার্যকর নেটওয়ার্ক ও সহযোগিতার সুযোগ সৃষ্টি করেছে। কনফারেন্সের মতো প্ল্যাটফর্মের মাধ্যমে পারস্পরিক সংযুক্ততা বাড়লে পর্যটন শিল্প টেকসইভাবে এগিয়ে যাবে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, পর্যটন শিল্পের বিকাশে স্থপতি, নকশাবিদ, নৃতত্ত্ববিদ, বন সংরক্ষক, সাংবাদিকসহ সকলের সম্মিলিত ভূমিকা অপরিহার্য। পর্যটন এমন একটি খাত, যা মানুষকে কাছাকাছি আনে এবং বহুমাত্রিক উন্নয়নের পথ উন্মুক্ত করে। বক্তব্যের এক পর্যায়ে তিনি রাঙামাটিতে তাঁর স্কুলজীবনের স্মৃতিচারণা করেন এবং এই অঞ্চলের অপার পর্যটন সম্ভাবনার কথা তুলে ধরেন। একই সঙ্গে রাবিপ্রবির শিক্ষার্থীদের দেশ ও সমাজের পথপ্রদর্শক হিসেবে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে কনফারেন্সের প্রধান পৃষ্ঠপোষক রাবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান বলেন, এই কনফারেন্স রাবিপ্রবিকে পর্যটন গবেষণা ও নীতিনির্ধারণের একটি গুরুত্বপূর্ণ মিলনস্থলে পরিণত করেছে। পাহাড় ও লেকসমৃদ্ধ রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে দেশের অন্যতম প্রধান পর্যটন জ্ঞানকেন্দ্র হিসেবে গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যবসায় অনুষদের ডিন ও কনফারেন্সের সভাপতি সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রহিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হোসেন উদ্দিন শেখর। তিনি রাঙামাটিকে ইকো, কালচারাল ও কমিউনিটি ট্যুরিজমের জন্য অত্যন্ত সম্ভাবনাময় অঞ্চল হিসেবে উল্লেখ করেন।
ট্যুরিজম টুমরো, ন্যাচারস নেক্সট ফ্লেক টু এক্সপ্লোর” শীর্ষক থিমে আয়োজিত কনফারেন্সের প্লেনারি সেশনে প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ কামরুল হাসান ও বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান ড. মোঃ সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ও কনফারেন্সের কো-চেয়ার মোসা. হাবিবা। সমাপনী বক্তব্য রাখেন কনফারেন্সের সদস্য-সচিব সহকারী অধ্যাপক জি এম সেলিম আহমেদ।
আগামী শনিবার (১৭ জানুয়ারি ) সকাল ৯টা থেকে কনফারেন্সের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হবে। এতে কী-নোট স্পিচ, ওরাল ও পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হবে এবং বিকাল ৩টা ৪৫ মিনিটে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে দুইদিনব্যাপী এই জাতীয় ট্যুরিজম কনফারেন্স।



