পার্বত্য জেলা পরিষদ গঠন প্রসঙ্গে ভুল বোঝাবুঝি, ব্যাখ্যা দিল মন্ত্রণালয়

পার্বত্য জেলা পরিষদ সংক্রান্ত বক্তব্যকে ভুলভাবে উপস্থাপনের অভিযোগ তুলে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। গত রোববার প্রকাশিত বিভিন্ন গণমাধ্যমের সংবাদে বলা হয়, পার্বত্য জেলা পরিষদ নিয়ে সরকারের নতুন কোনো ভাবনা নেই এবং তিন পার্বত্য জেলা পরিষদের আকার বাড়ছে না—এমন মন্তব্য করেছেন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী দীপেন দেওয়ান এমপি।

তবে আজ সোমবার জারি করা এক প্রতিবাদলিপিতে মন্ত্রণালয় জানায়, মাননীয় মন্ত্রীর বক্তব্য আংশিকভাবে তুলে ধরে বিভ্রান্তিকরভাবে সংবাদ পরিবেশন করা হয়েছে। প্রকৃতপক্ষে তিনি ‘১৮০ দিনের কর্মসূচি’ বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করেন। কর্মসূচির আওতায় কার্যক্রম বণ্টন, অগ্রাধিকার নির্ধারণ এবং নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়েই মূলত কথা হয়।

NewsDetails_03

পার্বত্য জেলা পরিষদ গঠন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমানে যে পদ্ধতি চালু রয়েছে, আপাতত সেই ব্যবস্থাতেই জেলা পরিষদ গঠন করা হবে। তবে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা সাপেক্ষে ভবিষ্যতে কাঠামো বৃদ্ধি বা পরিবর্তনের সিদ্ধান্ত হলে তা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রণালয় দাবি করেছে, ‘সরকারের নতুন কোনো ভাবনা নেই’—এমন বক্তব্য মন্ত্রী প্রদান করেননি। প্রকাশিত সংবাদকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর উল্লেখ করে সংবেদনশীল ইস্যুতে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান জানানো হয়েছে।

প্রতিবাদলিপিতে আরও বলা হয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। এ ধরনের সংবাদ জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তাই যাচাই-বাছাই ছাড়া সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট গণমাধ্যমের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন