রাঙামাটির লংগদু উপজেলায় বজ্রপাতে জাবেদ আলী (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার (১৭ মার্চ) দুপুরে উপজেলার বগাচত্ত্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মুসলিম ব্লক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাবেদ আলী ওই এলাকার বাবুল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল থেকে জাবেদ পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে নিজেদের চাষাবাদ জমিতে কাজ করছিলেন। দুপুরের দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সময় আকস্মিক বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লংগদু উপজেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মোস্তফা মনির বলেন, “বজ্রপাতে আহত যুবককে তার পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে এলেও তিনি আগেই মারা গেছেন।”
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, “এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে এ ধরনের বজ্রপাতের ঘটনা প্রায়ই ঘটে, যা কৃষকদের জন্য মারাত্মক বিপজ্জনক। তারা প্রশাসনের কাছে বজ্রপাত প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন।


