বন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করে যাবে পার্বত্য মন্ত্রনালয় ও জেলা পরিষদ : থানজামা লুসাই
পার্বত্য অঞ্চলে বন ও পরিবেশের ভারসাম্য রক্ষার্থে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহন করা পার্বত্য মন্ত্রণালয় ও জেলা পরিষদ অঙ্গিকারবদ্ধ। এছাড়াও বসবাসরত সকল জনগোষ্ঠিদের আর্থসামাজিক উন্নয়নের ঐক্যবদ্ধভাবে সরকারের উচ্চ পর্যায়ে সমন্বয় করে কাজ করে যাচ্ছে। আর্থ সামাজিক উন্নয়নে কৃষকদের মাঝে ফলদ, বনজ চারা ও নারীদের মাঝে গরু ছাগল, শুকর ও সেলাই মেশিন বিতরণ কালে এসব কথা বলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।
আজ সোমবার ৪ আগস্ট সকাল ১১ টা বান্দরবানের থানচি কলেজ মাঠে পার্বত্য বান্দরবান জেলা পরিষদের আয়োজনে ৩ শত কৃষকের মাঝে প্রতি কৃষককে আম, কফি, কাজু বাদাম, লেবু,মাল্টা, বাঁশ, অর্জুন, গামারী, গর্জন ৩৫৩ টি চারা, রাসায়নিক ১৫ কেজি, কম্পোষ্ট ২২ কেজি, কীটনাষক ২ টি, ১৫ পরিবারকে একটি করে গরু ছানা, ২১ পরিবারকে একটি করে ছাগল ছানা, ৩০ পরিবারকে একটি করে শুকর ছানা, ২১ জন নারীদের মাতৃদুগ্ধ ভাতা মাতৃসেবা বাবৎ ৪ হাজার করে নগদ টাকা, ৯ পরিবারকে একটি করে সেলাই মেশিন, ১ পরিবারকে ইন্ডাস্ট্রিয়াল সেলাই মেশিন ১টি ও বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

এ সময় জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (প্রশাসন) মো: আবুল মনসুর, থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল, সাবেক উপজেলা চেয়ারম্যান ক্যহ্লাচিং মারমা, জেলা পরিষদের সদস্য খামলাই ম্রো, এ্যাভোকেট উবাথোয়াই মারমা, বান্দরবানের বালাঘাটা হট্রি কালচার এর উপ পরিচালক লিটন দেব নাথ, বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ সরকারী -বেসরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান থানজামা লুসাই বিতরণ শেষে থানচি বাজারের বাজার সেট, উপজেলা পরিষদ ভবন, থানা, বিজিবি চেক পোস্ট সমূহের পরিদর্শণ করেন।
তিনি পরিদর্শণ শেষে সাংবাদিকদের জানান, থানচি বাজার ঘাটে ১টি সিঁড়ি নির্মান, সেগুম ঝিড়িতে পরিত্যক্ত ঝুলন্ত সেতু সংস্কার, বাজার সেট নির্মান পরিকল্পনা গ্রহন করা হবে।



