বাজার ফান্ডের জমি ৯৯ বছরের লীজসহ বিভিন্ন দাবিতে স্মারকলিপি প্রদান

বান্দরবান

বান্দরবানের বাজার ফান্ডের তৌজিভুক্ত জমি ৯৯ বছরের লীজ প্রদানসহ ৬ দফা দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে জেলার স্থানীয় প্রতিনিধিরা।

আজ ৩১ জুলাই দুপুরে জেলা প্রশাসনের কার্যালয়ে জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মনজুরুল হক। এ সময় স্মারকলিপি দাতাদের পক্ষে উপস্থিত ছিলেন, পৌর এলাকার চেয়ারম্যান পাড়ার বাসিন্দা মুজিবুর রশিদ, মেম্বার পাড়ার বাসিন্দা আবিদুর রহমান, বনরূপা পাড়ার শাহাদাত হোসেন জনি, আর্মি পাড়ার সেলিম রেজা, চেয়ারম্যান পাড়ার দৌলতুল কবির খান সিদ্দিকী প্রমূখ।

স্মারকলিপিতে দাবি করা হয়েছে, পার্বত্য চট্টগ্রাম শাসনবিধির ১৫০ বছরের ঐতিহ্য অনুযায়ী জমি বন্ধক রেখে ঋণ নেওয়ার প্রথা চলমান থাকলেও, ২০১৯ সাল থেকে এই প্রক্রিয়া বন্ধ করে দেওয়া অমানবিক ও মানবাধিকার লঙ্ঘনের শামিল।

NewsDetails_03

তাঁরা বলেন, পার্বত্য চট্টগ্রামের শাসনবিধির ১৫০ বছর ধরে জমি বন্ধক রেখে ঋণ নেওয়ার ধারাবাহিকতা চলে আসলেও হঠাৎ করে এই কাযক্রম বন্ধ রাখা অযৌ্ক্তিক ও চরম অমানবিক, এটি মানবাধিকার লঙ্ঘনও। বাজার ফান্ডের জটিলতা পিছিয়ে পড়া বান্দরবানবাসীর অর্থনৈতিক অগ্রগতিকে ব্যাহত করছে এবং এটি সরকারের এসডিজি বাস্তবায়নের পথে একটি ষড়যন্ত্রমূলক বাঁধা।

স্মারকলিপিতে বাজার ফান্ডের জমির লীজ ১০ বছরের পরিবর্তে ৯৯ বছর করা,ব্যাংক ঋণ প্রাপ্তিতে প্রতিবন্ধকতা দূর করা,বহুতল ভবন নির্মাণে অনুমতি প্রদান, জমি ক্রয়-বিক্রয় ও হস্তান্তর প্রক্রিয়া সহজ করা, কর ও খাজনা যৌক্তিক পর্যায়ে নির্ধারণ, বাজার ফান্ডের আওতা সম্প্রসারণ দাবি জানানো হয়।

প্রসঙ্গত, ২০১৯ সালে অলিখিত ভাবে বাজার ফান্ডের জায়গায় ব্যাংক ঋণ প্রদান বন্ধ করে দেওয়ার ফলে বিষয়টি নিয়ে দীর্ঘ দিন ধরে আন্দোলন করে আসছে স্থানীয়রা।

আরও পড়ুন