বাজালিয়ায় মোটরসাইকেল দূর্ঘটনায় বান্দরবানের ২ জন নিহত, আহত ১
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বাইতুল ইজ্জত এলাকায় বান্দরবানগামী পূবালী বাসের চাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে একজন।
আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে সাতকানিয়া উপজেলার কেরানীহাট-বান্দরবান মহাসড়কের সত্যপীর মাজার সংলগ্ন বাইতুল ইজ্জত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতারা হলেন, বান্দরবান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আর্মি পাড়ার মোহাম্মদ তৌহিদ (২৮) ও সিকদার পাড়ার নাজমুল (৩০)। এই ঘটনায় আর্মিপাড়ার ব্যবসায়ি আব্দুল কাদের (৩২) গুরত্বর আহত হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কেরানীহাটমুখী একটি দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বান্দরবানমুখী পূবালী বাসের নিচে ঢুকে যায়। এ সময় ওই মোটরসাইকেলে থাকা তিনজন আরোহীর মধ্যে একজন আরোহী পার্শ্ববর্তী আরেকটি মোটরসাইকেলের উপর ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় ও পরবর্তীতে আহত আরও একজনের মৃত্যু হয়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মাহমুদ কাওসার হোসেন বলেন, দুর্ঘটনা কবলিত বান্দরবানের বাসটিকে আটক করা হয়েছে, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



