বান্দরবানের উজানী পাড়া রাজগুরু মহা বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব
বান্দরবানের উজানীপাড়া রাজগুরু মহা বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপিত হয়েছে।
আজ সোমবার (০৩ নভেম্বর) বান্দরবানের উজানীপাড়া রাজগুরু মহা বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকার আয়োজনে দানোত্তম এই শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপিত হয়।
কঠিন চীবরদান উপলক্ষে ভোর ৫টায় বিশ্বশান্তি মঙ্গল কামনায় সূত্রপাঠ, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, পূজনীয় ভিক্ষুসংঘের প্রাতঃরাশ, সকাল ৮টায় রাজবাড়ি থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উজানীপাড়া রাজগুরু মহা বৌদ্ধ বিহারে এসে সকলে সমবেত হয়, পরে বিহারে বুদ্ধপূজা, অষ্টপরিষ্কার দান, মহাসংঘদান ও কঠিন চীবরদান ও ধর্মদেশনা প্রদান করা হয়।

এসময় কঠিন চীবর দানোৎসবের প্রথম পর্বে চীবর উৎসর্গ, শীল ও ধর্মীয় দেশনা প্রদান করেন নাইক্ষ্যংছড়ি কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত আসাবা মহাথের, নাইক্যক আগাপাড়া বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত ক্ষেমাচারা মহাথের, উদালবনিয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত পাইন্দা ওয়াইংসা মহাথের, পুলপাড়া বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত বিচারিন্দ মহাথের, পার্বত্য ভিক্ষু পরিষদের মহাসচিব ভদন্ত তেজপ্রিয় মহাথের, উজানীপাড়া রাজগুরু মহা বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত ড. সুবন্নলংকারা মহাথের, (খ্যং ওয়াহ্ ক্যং) রাজগুরু বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত উ.কেতু মহাথের সহ বিভিন্ন বৌদ্ধ বিহারের অধ্যক্ষরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোমাং রাজা বোমাংগ্রী উচ প্রু সহ বিহারের দায়ক-দায়িকা ও বৌদ্ধ ধর্মাবলম্বী নারী পুরুষেরা।
জানা যায়, ২৪ ঘন্টার মধ্যে টাটকা চীবর (কাপড়) তৈরি করার পর তা ভিক্ষুদের দানের মাধ্যমে কায়িক, বাচনিক ও মানসিক পূণ্য সঞ্চয় হয় বলেই বৌদ্ধ শাস্ত্রে এই দানকে ‘শ্রেষ্ঠদান’ কিংবা কঠিন চীবর দান বলে, আর এই কঠিন চীবর দানের মধ্য দিয়ে সুখ শান্তি লাভের আশায় বান্দরবানের বৌদ্ধ ধর্মাবলম্বীরা প্রবারণা পূর্ণিমার পরে পুরো মাস জুড়ে বিভিন্ন বৌদ্ধ বিহারে বিহারে জড়ো হয়ে চীবর তৈরি করে বৌদ্ধ ভিক্ষুদের প্রদান করে।



