বান্দরবানে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা
বান্দরবানে চলছে সনাতনী সম্প্রদায়ের সরস্বতী পূজা উদযাপন। পূজা উপলক্ষে সকাল থেকে বান্দরবানের বিভিন্ন স্কুল-কলেজ মন্দিরসহ বিভিন্ন ঘরে, পাড়া, মহল্লায় নানান আয়োজন চলছে জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতী পূজা অর্চনা।
বান্দরবানের শ্রী শ্রী কেন্দ্রীয় দূর্গা মন্দির, মেম্বারপাড়া, এলজিইডির পাশের মন্দিরের জায়গায়, সরকারী কলেজ, কালেক্টরেট স্কুল, সরকারী উচ্চ বিদ্যালয়, সরকারী বালিকা বিদ্যালয়সহ বিভিন্ন পূজামন্ডপে চলছে এই পূজা।
এদিকে পূজাকে ঘিরে আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকে বিভিন্ন পূজা মন্ডপে শিক্ষক-শিক্ষার্থী ভক্ত ও দর্শনার্থীদের মিলন মেলায় পরিণত হয় । এসময় দেবী সরস্বতীর পূজা অর্চনা আর বিদ্যাদেবীর সন্তুষ্টি লাভে সনাতনী নারী ও পুরুষেরা প্রণাম নিবেদন করে আর অঞ্জলি নেয়।

শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজার আয়োজন করা হয়, আর সকাল থেকে পূজার শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে এই পূজার কার্যক্রম। পূজা শেষে দেওয়া হয় অঞ্জলি, এরপর পরই বিতরণ করা হয় প্রসাদ।
সন্ধ্যায় সন্ধ্যারতি, শীতল ভোগ প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানমালার মধ্য দিয়ে সরস্বতী পূজার আনুষ্ঠানিকতা চলবে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে বান্দরবানের বিভিন্ন মন্ডপের সরস্বতী প্রতিমা বান্দরবানের সাংগু নদীতে বির্সজনের মধ্য দিয়ে এই পূজার সমাপ্তি ঘটবে।



