বান্দরবানে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
দেশের ভবিষ্যৎ কর্ণধার শিশু কিশোরদের মধ্যে লুকায়িত সুপ্ত প্রতিভা বিকাশ করা, শিশু কিশোরদের চরিত্রবান,ইসলামিক আদর্শ সুনাগরিক হিসেবে গড়ে তোলার মহান ব্রত নিয়ে ইসলামিক ফাউন্ডেশন এর উদ্যোগে বান্দরবান জেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।
আজ শনিবার (৬ ডিসেম্বর) সকালে ইসলামিক ফাউন্ডেশন বান্দরবান জেলা এর আয়োজনে বান্দরবান সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র এর সভাকক্ষে জেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা পর্যায় থেকে বিজয়ী প্রতিযোগিরা ক্বিরাত,আযান, হামদ ও নাত,কবিতা,আবৃত্তি,রচনা প্রতিযোগিতা এবং উপস্থিত বক্তৃতায় অংশ নেয়।

পরে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা পর্যায়ে বিজয়ী ৬০ জন প্রতিযোগীকে পুরস্কার ও সনদপত্র প্রদান করেন।
এসময় ইসলামিক ফাউন্ডেশন বান্দরবান এর উপপরিচালক মো.সেলিম উদ্দিনের সভাপতিত্বে সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি, জেলা শিল্পকলার প্রশিক্ষক মোমেন চৌধুরী, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের বান্দরবান জেলা কার্যালয় এর সহকারী প্রকল্প পরিচালক মুহিত উদ্দিন মোল্লা, ইসলামিক ফাউন্ডেশন বান্দরবান জেলা শাখার ফিল্ড অফিসার মো.জাহাঙ্গীর আলমসহ ইসলামিক ফাউন্ডেশন এর বিভিন্ন কর্মচারী এবং প্রতিযোগীরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, বান্দরবানের ৭টি উপজেলা থেকে বাছাইকৃতদের নিয়ে এবার জেলা পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো, আর জেলা পর্যায়ে বিভিন্ন গ্রুপে বিজয়ীরা জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে অংশ নেবে।



