বান্দরবানে দালালসহ ৫৮ জন মিয়ানমারের নাগরিক আটক

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম বুচির মুখ নামক স্থানে অভিযান চালিয়ে মানবপাচার চক্রের ৫ জন দালাল ও নারী শিশুসহ ৫৮জন মিয়ানমার নাগরিককে আটক করেছে বিজিবি।

শনিবার (১১জানুয়ারী) ভোর সাড়ে ৫ টার সময় আলীকদমের ৩ নং নয়াপাড়া ইউনিয়নের বুচির মুখ নামক স্থান থেকে আটক করা হয় তাদের।

মানব পাচারের সাথে জড়িত আটক পাঁচ দালালরা হচ্ছেন, খুইল্যামিয়া পাড়ার মো: আব্দুর রহিমের (সোনামিয়া)ছেলে মো: নজরুল ইসলাম (৪০), আলীকদম দক্ষিণ নয়া পাড়ার মো: আনোয়ার হোসেনের ছেলে মো: আরিফুল ইসলাম (২৫), আলীকদম নয়া পাড়ার মো: সোনা মিয়ার ছেলে মো: জামাল উদ্দিন (২৭), আলীকদম চৈক্ষ্যং ইউনিয়নের মৃত: আবুল হোসেনের ছেলে মো: আবু হুজাইফা (৩২) ও আলীকদম নয়া পাড়ার মৃত: আনু মিয়ার ছেলে মো: খোরশেদ আলম (৫৭)।

বিজিবি তথ্য সূত্রে জানা যায়, শনিবার ভোর সাড়ে ৫ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর জেসিও নায়েব সুবেদার মোঃ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে বিজিবি’র একটি টহল দল ব্যাটালিয়ন সদর হতে আনুমানিক ৪ কি:মি: পূর্ব দক্ষিণ দিকে আলীকদম উপজেলার ৩ নং নয়াপাড়া ইউনিয়নের বুচির মুখ নামক স্থানে অভিযান চালায়। এ সময় অবৈধভাবে মায়ানমার থেকে বাংলাদেশে পাচারের সময় ১২ জন পুরুষ, ১০ জন মহিলা এবং ৩৬ শিশুসহ মোট ৫৮ জন মায়ানমারের নাগরিককে আটক করা হয়। অভিযানে মানব পাচারের সাথে জড়িত ৫ বাংলাদেশী দালালকে আটক করা হয়। এসময় মানব পাচার কাজে ব্যবহৃত ১ টি ড্রাম ট্রাক, ১ টি প্রাইভেট কার ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।

NewsDetails_03

স্থানীয়রা আরও জানায়,দীর্ঘদিন ধরে এই দালাল চক্রটি মোটা অংকের টাকার বিনিময়ে আলীকদম উপজেলা হয়ে মিয়ানমারের নাগরিকদের বাংলাদেশে অনুপ্রবেশে সহায়তা করে আসছিল।

এ বিষয়ে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন জানান, মিয়ানমার নাগরিকদের আটকের খবর শুনেছি। তবে এখনো পর্যন্ত থানায় কাউকে আনা হয়নি।

আরো জানা গেছে, মানবপাচার চক্রের অন্যতম নজরুল ইসলাম কয়েক বছর আগে ইয়াবা দিয়ে আলীকদম উপজেলার সাংবাদিক হাসান মাহমুদ ফাঁসানোর চেষ্টাকালে তাদের সহযোগী শাহিনকে আটক করেছিল র্যাব। ২০২৩ সালে ৩০ ডিসেম্বর র্যাবের অভিযানে তার বাড়ি থেকে ৩০ হাজার পিস ইয়াবাসহ নজরুলের স্ত্রী রুমা আক্তারকে গ্রেফতার করে।

মাতামুহুরি রিজার্ভ থেকে অবৈধ পাথর উত্তোলনের দায়ে নজরুল ইসলামের বিরুদ্ধে পরিবেশে অধিদপ্তর একটি মামলা করেছিল। পাশাপাশি সীমান্ত দিয়ে অবৈধ গরু পাচারের জন্য বিজিবির করা মামলাতেও আসামিও এই নজরুল। মাতামুহুরি রিজার্ভে স্থানীয় সংবাদকর্মীদের মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছিল এই মাফিয়া নজরুল ইসলাম।

উল্লেখ্য, ২০২৪ সালের ১১ নভেম্বর আলীকদম উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর ৩টি পৃথক অভিযানে কুরুকপাতা ইউপির পোয়ামুহুরী সীমান্তের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ কালে ৩১ শিশু ও ৫০ জন প্রাপ্ত বয়স্কসহ মোট ৮১ জন মিয়ানমারের নাগরিককে আটক করা হয়েছিল।#

আরও পড়ুন