বান্দরবানে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার ও কম্বল বিতরন
বান্দরবানে নানা আয়োজনে ৩৪ তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার ও কম্বল বিতরন করা হয়েছে।
আজ বুধবার (০৩ ডিসেম্বর) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব হুইল চেয়ার ও কম্বল বিতরন করেন বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি।
এর আগে দিবসটি উপলক্ষ্যে সকালে পার্বত্য জেলা পরিষদ, জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক আবু তালেব, পৌরসভার প্রশাসক এস,এম মঞ্জুরুল হক, অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মিলটন মুহুরী, সমাজসেবা কর্মকর্তা শফিকুর রহমান, সত্যজিৎ মজুমদার, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু সহ সরকারি-বেসরকারি কর্মকর্তা, প্রতিবন্ধী ব্যক্তি, অভিভাবক, বিভিন্ন সামাজিক সংগঠন ও স্বেচ্ছাসেবীরা অংশ নেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিক অন্তর্ভুক্তি, অধিকার প্রতিষ্ঠা এবং দক্ষতা উন্নয়নে সরকারের পাশাপাশি সমাজের সকল শ্রেণির মানুষকে একযোগে এগিয়ে আসতে হবে। দেশের উন্নয়ন-অগ্রযাত্রায় প্রতিবন্ধী ব্যক্তিরাও সমানভাবে সক্ষম এমন দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে হবে বলেও মন্তব্যে করেন তিনি।
বান্দরবান জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মিলটন মুহুরী বলেন, সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিভিন্ন ভাতা, শিক্ষা সহায়তা, প্রশিক্ষণ কর্মসূচি ও পুনর্বাসন সেবা অব্যাহত রেখেছে। এধরনের উদ্যোগ সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে আগামীতেও অব্যাহত থাকবে।



