বান্দরবানে শহীদ জিয়া স্মৃতি সংসদের অফিস ভাঙচুর : ককটেল বিস্ফোরন
বান্দরবান পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের আর্মি পাড়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদের অফিস ভাংচুর করা হয়েছে। এসময় একটি ককটেল বিস্ফোরণ করা হয়। রোববার দিবাগত রাত তিনটা বিশ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।
সরজমিনে দেখা যায়, শহীদ জিয়া স্মৃতি সংসদের অফিসের দরজা, টেবিল ও চেয়ার ভাঙা হয়েছে। অফিসের টেলিভিশনসহ গুরত্বপূর্ন আসবাবপত্র ভাংচুর করেছে। ছড়িয়ে ছিটিয়ে আছে অফিসের সাইনবোর্ড ও বিএনপির শীর্ষ নেতাদের ভাংচুর করা ছবি।
এলাকার কয়েকজন জানান, রাত ৩টা বিশ মিনিটের দিকে মুখোশ পরিহিত তিন ব্যাক্তি এসে অফিসটি ভাংচুর করে। তারা ঘটনা সংঘটিত করতে মাত্র ২০-২৫ মিনিট সময় ব্যয় করে। ঘটনার সময় অফিসের পাশে বসবাসরত স্থানীয়রা চিৎকার করলে তারা এলাকায় আতংক সৃষ্টির জন্য একটি ককটেল বিস্ফোরন করে পাড়ার শাহাবুদ্দিনের বাসার সামনের গলি দিয়ে দৌড়ে পালিয়ে যায়। এসময় ঘটনায় জড়িত তিনজনের মধ্যে ২জন হাফপ্যান্ট ও ১জন লুঙ্গি পরিহিত ছিলো, তাদের একজনের গায়ে ছিলো কালো গেঞ্জি। তারা আরো বলেন, ঘটনাস্থলের সড়কগুলোতে থাকা বিভিন্ন বাসার সিসিটিভি ক্যামরার ফুটেজ সংগ্রহ করা হলে ঘটনার রহস্য উৎঘাটন করা সম্ভব হবে।

স্থানীয় বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, শহীদ জিয়া স্মৃতি সংসদের এই অফিসটি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের কিছু ব্যাক্তি দখল করার চেষ্টা করছিল। অফিসটি দখল করার জন্যই এই ঘটনা ঘটিয়েছে, তাদের দ্রুত গ্রেপ্তার করা হোক।
বান্দরবান সদর থানার অফসিার ইনচার্জ (ওসি) মাসুদ পারভজে জানান, ঘটনার তদন্ত চলছে, এ ঘটনার সঙ্গে যারাই জড়িত, তাদের কোন ছাড় দেওয়া হবেনা।
প্রসঙ্গত, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ নামে অফিসটি বছরের পর বছর ধরে চলে আসলেও ৫ আগস্ট সরকার পতনের সময় অফিসটি ব্যাপক ভাংচুর করা হয়। পরে বিএনপির নেতাকর্মীরা শহীদ জিয়া স্মৃতি সংসদ নামে অফিসটি ব্যবহার করে আসছিল, আর ২য় দফায় অফিসটি ফের ভাংচুর করা হলো।



