বান্দরবানে সার সংক্রান্ত নীতিমালা সংশোধনের দাবীতে মানববন্ধন
বান্দরবানে খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের বহাল রাখা এবং সার সংক্রান্ত নীতিমালা ২০২৫ সংশোধনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩ মার্চ (মঙ্গলবার) সকালে খুচরা সার বিক্রেতা এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর বান্দরবান জেলা কমিটির উদ্যোগে বান্দরবান প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি সম্মিলিত সার ডিলার নিয়োগ ও সার সংক্রান্ত নীতিমালা ২০২৫ বাস্তবায়ন এর লক্ষ্যে প্রকাশিত একটি নীতিমালায় দেখা যায় দেশজুড়ে বাংলাদেশ সরকার অনুমোদিত কার্ডধারী খুচরা সার বিক্রেতাদের সনদ স্থগিত করা হয়েছে এবং আলাদাভাবে দেশে সরকার অনুমোদিত কার্ডধারী খুচরা সার বিক্রেতা থাকবে না। সরকার অনুমোদিত কার্ডধারী খুচরা সার বিক্রেতারা নীতিমালা জারীর পর ৩১শে মার্চ ২০২৬ইং তারিখের মধ্যে তাদের সমূদয় দায় দেনার নিষ্পত্তি করতে হবে।

এই সময় বক্তারা আরো বলেন, এই সংবাদে আমরা সরকার অনুমোদিত কার্ডধারী খুচরা সার বিক্রেতা মারাত্মকভাবে হতাশ হয়েছি, দীর্ঘদিনের জীবিকা নির্ভর অনুমোদিত কার্ডধারী খুচরা সার বিক্রয় কার্যক্রম স্থগিত হয়ে গেলে পরিবার পরিজন নিয়ে আমাদের ভবিৎষ্যত অনিশ্চিত হয়ে যাবে।
এসময় বক্তারা বলেন, ৪৪ হাজার বাংলাদেশ সরকার অনুমোদিত কার্ডধারী খুচরা সার বিক্রেতাদের অস্তিত্ব এবং ৫ কোটি কৃষকের সেবা রক্ষায় আমাদের এই নীতিমালার সংশোধন করে সমস্যার দ্রুত সমাধান করতে হবে, অন্যথায় খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের জীবন বিপন্ন হয়ে যাবে।
এসময় মানববন্ধনে খুচরা সার বিক্রেতা এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর বান্দরবান জেলার সহ-সভাপতি গোপাল দাশ, কোষাধ্যক্ষ রাজীব দাশ, সাধারণ সম্পাদক মো.জসিম উদ্দিনসহ খুচরা সার বিক্রেতা এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর বান্দরবান জেলার বিভিন্ন সদস্যরা উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন।



