বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে প্রথমবার গ্র্যান্ড ইফতার আয়োজন
বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ (বিসিপিএসসি) প্রাঙ্গণে ২৯ মার্চ ২০২৫, শনিবার প্রথমবারের মতো আয়োজন করা হয় “বিসিপিএসসি গ্র্যান্ড ইফতার ২০২৫”। এতে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীসহ ৪৩০ জনেরও বেশি অতিথি অংশ নেন, যা এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল লেফটেন্যান্ট কর্নেল শাহজাহান সিরাজ ভূঁইয়া, এইসি, এবং বিশেষ অতিথি ছিলেন বান্দরবান সেনানিবাসের জোন কমান্ডার এ এস এম মাহমুদুল হাসান, পিএসসি।
এই আয়োজনের মূল উদ্যোগ নেয় “বিসিপিএসসি সারকাজম” নামের জনপ্রিয় কমিউনিটি, যেখানে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়।
প্রধান অতিথি লেফটেন্যান্ট কর্নেল শাহজাহান সিরাজ ভূঁইয়া বলেন,“এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ বাড়ায় এবং সম্পর্ক আরও সুদৃঢ় করে। নিয়মিত এ ধরনের আয়োজন ভবিষ্যতে ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনকে আরও শক্তিশালী করবে।”
বিশেষ অতিথি জোন কমান্ডার এ এস এম মাহমুদুল হাসান আয়োজকদের প্রশংসা করে বলেন,
“প্রথমবারের মতো এত বড় পরিসরে এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতে এ ধরনের যেকোনো উদ্যোগে আমাদের সর্বোচ্চ সহযোগিতা থাকবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ভাইস প্রিন্সিপাল আতিকুর রহমান এবং শিক্ষক আরফান হাবিব, আব্দুর রহিম ও আজম স্যার। তাঁরা সকলেই শিক্ষার্থীদের এমন উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধারা বজায় রাখার আহ্বান জানান।
আয়োজক কমিটির অন্যতম সদস্য আখলাক হোসেন অনুভূতি প্রকাশ করে বলেন,“একটি সাধারণ ফেসবুক পোস্ট থেকে শুরু হয়ে আজকের ৪৩০ জনের এই মিলনমেলায় রূপ নিয়েছে। ভবিষ্যতে আমরা আরও বড় পরিসরে এই আয়োজন করতে চাই, যেখানে অংশগ্রহণ হাজার ছাড়িয়ে যাবে।”
এই আয়োজন শুধুমাত্র ইফতার অনুষ্ঠান নয়, বরং শিক্ষার্থীদের মধ্যে বন্ধন দৃঢ় করার, স্মৃতিচারণের এবং সৌহার্দ্য বৃদ্ধির একটি চমৎকার উদাহরণ হয়ে থাকবে।


