বিএনপিতে যোগ দিল এনসিপি ও জাতীয় পার্টির ৫ শতাধিক নেতাকর্মী
মাটিরাঙ্গা
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন এবং উপজেলা এনসিপির নেতা লিটন বিশ্বাসের নেতৃত্বে জাতীয় পার্টি ও এনসিপি ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন পাঁচ শতাধিক নেতা-কর্মী।
গত সোমবার (১২ জানুয়ারি) বিকেলে মাটিরাঙ্গা চৌধুরী কমিউনিটি সেন্টারে আয়োজিত যোগদান অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটির মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুঁইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের উপস্থিতিতে নবযোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে সদ্য যোগদানকারীরা বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং বিএনপির ঘোষিত কর্মসূচিতে আস্থা রেখে তারা বিএনপিতে যোগ দিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, বিএনপির নেতৃত্বে একটি গণতান্ত্রিক ও জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।

মাটিরাঙ্গা পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন বলেন,
“দীর্ঘদিন রাজনীতি করেছি। কিন্তু জনগণের অধিকার ও ভোটের মর্যাদা প্রতিষ্ঠায় বিএনপির কার্যক্রম আমাদের অনুপ্রাণিত করেছে। তাই সহকর্মীদের নিয়ে বিএনপিতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছি।”
প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভুঁইয়া বলেন, এই গণযোগদানের মাধ্যমে মাটিরাঙ্গায় বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুসংহত হলো। আগামী দিনের আন্দোলন ও নির্বাচনী রাজনীতিতে এর ইতিবাচক প্রভাব পড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে নবযোগদানকারীরা বিএনপির কেন্দ্রীয় ও জেলা নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দলের সকল কর্মসূচিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. মোশাররফ হোসেন, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মালেক মিন্টু, জেলা বিএনপির সহ-সভাপতি নাছির আহম্মদ চৌধুরী, পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল, জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও মাটিরাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি বাদশা মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বদিউল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান’সহ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



