নির্মাণ কাজ শেষ হয়েছে ২০২৪ সালে,কিন্তু শুধুমাত্র বিদ্যুৎ সংযোগ চালু না করায় বান্দরবানে এক বছর ধরে বন্ধ রয়েছে ২৫০শয্যার বান্দরবান সদর হাসপাতাল ভবনটি।
পার্বত্য জেলা বান্দরবানের জনগণের স্বাস্থ্য সেবার মান বৃদ্ধির লক্ষ্যে ২০১৯সালের ২৪ মে শুরু হয় ২৫০শয্যা বিশিষ্ট একটি ১০তলা নতুন হাসপাতাল ভবনের কাজ। গনপূর্ত বিভাগের বাস্তবায়নে ৩৬.৪৮কোটি টাকা ব্যয়ে ভবনটির কাজ সম্পন্ন করে ঠিকাদারী প্রতিষ্ঠান জিকেবিপিএল এন্ড রয়েল এসোসিয়েটস (জেভি)। এদিকে ২০২৪ সালের ডিসেম্বর মাসে ভবনের নির্মাণ কাজ সম্পন্ন হলেও শুধুমাত্র বিদ্যুৎ সংযোগের অভাবে ২৫০শয্যা বিশিষ্ট ১০তলা নতুন হাসপাতাল ভবনটি চালু করা যাচ্ছে না,আর এতে দীর্ঘদিনের বান্দরবানবাসীর প্রত্যাশার কাঙ্খিত চাহিদা পূরণ হচ্ছে না।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ২৫০শয্যা বিশিষ্ট ১০তলা নতুন হাসপাতাল ভবনটি প্রায় কাজ সম্পন্ন হয়েছে শুধুমাত্র বিদ্যুৎ সংযোগ পেলে বৈদ্যুতিক সরঞ্জাম স্থাপন শেষে ভবনটি চালু করা যায়, তবে বিদ্যুৎ সংযোগ এর অভাবে ভবনটিতে এখনো সেবা কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি।
স্থানীয় বাসিন্দা মো.সিফাত বলেন, বর্তমানে বান্দরবানে যে হাসপাতাল সেটি অত্যন্ত ছোট আর অস্বাস্থ্যকর। আমরা চাই আধুনিকমানের নতুন ভবনটি দ্রুত চালু করা হোক আর পর্যাপ্ত সুযোগ সুবিধা বৃদ্ধি করে সেবার মান আগের চাইতে বাড়ানো হোক।

সদরের বাসিন্দা রাজু দে বলেন , বর্তমানে বান্দরবানে ৫০শয্যার জনবল দিয়ে চলছে ১০০শয্যার বান্দরবান সদর হাসপাতালের কার্যক্রম আর জেলার অন্যতম গুরুত্বপূর্ণ এই ২৫০শয্যার নতুন হাসপাতাল ভবনটি চালু হলে বান্দরবানের মানুষ উন্নত চিকিৎসার পাশাপাশি নানা ধরণের ভোগান্তীতে থেকে মুক্ত হবে।
সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা মো.রমজান জানান, আমরা আশা করেছিলাম নতুন ১০ তলা হাসপাতাল ভবনটি দ্রুত চালু হবে ,কিন্তু অদৃশ্য কারণে সেটি বন্ধ করে পরিত্যক্ত করা হচ্ছে যা দু:খজনক।
বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল আবাসিক অফিসার ডা: দীলিপ চৌধুরী বলেন, নতুন এই ২৫০ শয্যার হাসপাতাল ভবনটি চালু হলে বান্দরবানের স্বাস্থ্যখাত আরো এগিয়ে যাবে আর নতুন এই ভবনে ১০টি আইসিইউ বেড, ৫টি সিসিইউ বেড, ২০টি আইসোলেশন বেডসহ সার্জারী এবং বিভিন্ন জটিল রোগের আধুনিক চিকিৎসা করা সম্ভব হবে। তিনি আরো জানান, গণপূর্ত বিভাগের পক্ষ থেকে নতুন ২৫০শয্যার ভবনটি এখনো স্বাস্থ্য বিভাগের কাছে বুঝিয়ে দেয়া হয়নি।
এদিকে গণপূর্ত বিভাগের কর্মকর্তারা বলছেন, ২৫০শয্যার হাসপাতাল ভবনের কাজ প্রায় শেষ হয়েছে, বিদ্যুৎ সংযোগ পাওয়া গেলে এই ভবনটিতে সেবা কার্যক্রম শুরু করার জন্য স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করা হবে। গণপূর্ত বিভাগ এর বান্দরবানের নির্বাহী প্রকৌশলী অভিজিৎ চৌধুরী জানান,আমাদের ভবনের কাজ প্রায় শেষ আর বিদ্যুৎ সংযোগের জন্য আমরা পিডিবির কাছে আবেদন করেছি তারা বিদ্যুৎ সংযোগ প্রদান করলে আমরা বৈদ্যুতিক কাজ শেষ করে দ্রুত সময়ে ভবনটি স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করবো। তিনি আরো জানান, ২৫০ শয্যার এই এই হাসপাতাল ভবনে আধুনিক অনেক সুযোগ সুবিধা রয়েছে বিশেষ করে ১০তলা ভবনে রোগী,দর্শনার্থী ও চিকিৎসকদের জন্য আলাদা আলাদা রোগ ভিত্তিক ওয়ার্ড, ৪টি আধুনিক লিফট, ১০টি আইসিইউ বেড, ৫টি সিসিইউ বেড, ২০টি আইসোলেশন বেড, সার্জারী ওয়ার্ড থাকবে। এছাড়াও আধুনিক জেনারেটর এর ব্যবস্থা থাকবে সার্বক্ষনিক।
বিদ্যুৎ সংযোগ এর বিষয়ে জানতে চাইলে বিদ্যুত বিতরণ বিভাগ বান্দরবানের নির্বাহী প্রকৌশলী সৈয়দ আমির হোসেন জানান, দ্রুত সময়ে আমরা ২৫০শয্যার হাসপাতাল ভবনে বিদ্যুৎ সংযোগ স্থাপন করবো।



