বাংলাদেশের ফুটবল খেলা ও ফুটবলারদের নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নব্য পরিচালক আসিফ আকবর এর কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে বান্দরবানে প্রতিবাদ ও ঘৃণা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে বান্দরবান জেলা স্টেডিয়ামে বান্দরবানের ফুটবলার ও সংগঠকদের আয়োজনে এই প্রতিবাদ ও ঘৃণা সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় সমাবেশে বক্তারা বিসিবির নব্য পরিচালক আসিফ আকবর এর ফুটবল নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য এর প্রতিবাদ জানান এবং অবিলম্বে তাকে ফুটবল নিয়ে অবমাননাকর বক্তব্য প্রত্যাখান করার আহবান জানান। এসময় বক্তারা বলেন, বিসিবির নব্য পরিচালক আসিফ আকবর দায়িত্ব পেয়ে নিজেকে সামলাতে পারছে না, তিনি ফুটবল আর ক্রিকেট নিয়ে ভাগাভাগি শুরু করে দিয়েছেন। একটি দায়িত্বশীল পদে থাকা ব্যক্তির জনসম্মুখে ফুটবল নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেশের ক্রীড়াঙ্গনে হানাহানি সৃষ্টি করেছে মন্তব্য করে বক্তারা বিসিবির নব্য পরিচালক আসিফ আকবরকে ক্রীড়াঙ্গন নিয়ে সুন্দরভাবে কাজ করার আহবান জানান।
এসময় বান্দরবান জেলা ফুটবল এসোসিয়েশন এর সদস্য নাছির উদ্দিন, জেলা ফুটবল কোচ অসীম বড়ুয়া, জেলা ফুটবল এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক রফিকুল আলম, জেলা ফুটবল এসোসিয়েশন ফুটবল কোচ ছোটন দাশসহ বান্দরবান জেলার বিভিন্ন ফুটবল খোলোয়াড় ও সংগঠকরা এই প্রতিবাদ ও ঘৃণা সমাবেশ অংশ নিয়ে বক্তব্য প্রদান করেন।
প্রসঙ্গত: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালক হিসেবে যোগ দিয়েছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। সম্প্রতি বান্দরবান,রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলা পরিদর্শন করে তিনি বোর্ডের একটি বৈঠকে উপস্থিত হয়ে ক্রিকেট ও ফুটবল নিয়ে মন্তব্য করেছে, যা তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। ক্রিকেট কনফারেন্সের প্রথম দিনে আসিফ আকবর ক্রিকেটকে ‘আভিজাত্যের খেলা’ বলে অভিহিত করেন এবং দেশের ফুটবলারদের সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেন। তিনি বলেন, ফুটবলারদের কারণে দেশে ক্রিকেট খেলা চালানো যাচ্ছে না। কারণ তারা স্টেডিয়াম দখল করে রেখেছে এবং উইকেট ভেঙে ফেলছে, এমন মন্তব্যের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।



