মাটিরাঙ্গায় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন : শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয়

স্বল্প ব্যয়ে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে খাগড়াছড়ির মাটিরাঙ্গা মেডিকেল সেন্টার ক্লিনিক অ্যান্ড ল্যাবরেটরি। এরই অংশ হিসেবে ‘আর নয় মিথ্যে অজুহাত, জীবন বাঁচাতে রক্ত দিয়ে বাড়াব হাত’ এই স্লোগানে আজ মঙ্গলবার থেকে ২৫ নভেম্বর শুরু হয়েছে তিন দিনের ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন।

​মাটিরাঙ্গা হাসপাতাল রোডের জায়েদ মনোয়ারা প্রযুক্তি মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এই ক্যাম্পেইনের প্রথম দিনে সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

NewsDetails_03

​মেডিকেল সেন্টারের কর্মকর্তারা জানান, প্রত্যন্ত অঞ্চলে রক্তের গ্রুপ সম্পর্কে সচেতনতার অভাব রয়েছে। শিক্ষার্থী ও সাধারণ মানুষকে নিজেদের রক্তের গ্রুপ জানানোর পাশাপাশি রক্তদানে উৎসাহিত করাই এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য।

​ক্যাম্পেইনে এসে স্বস্তি প্রকাশ করেন অভিভাবকরা। তারা জানান, অনেক শিক্ষার্থীই আগে নিজেদের রক্তের গ্রুপ জানত না। এই ক্যাম্পেইনের মাধ্যমে সন্তানদের রক্তের গ্রুপ জেনে তারা স্বস্তি পেলেন। জরুরি মুহূর্তে রক্তদানে এগিয়ে আসা এখন সহজ হবে বলেও মনে করেন তারা।

​প্রথম দিনের ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা মেডিকেল সেন্টারের জনসংযোগ কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল হাশেম, মাদরাসার পরিচালকসহ শিক্ষক ও স্বেচ্ছাসেবীরা। ​ক্যাম্পেইনটি চলবে আরও দু’দিন।

আরও পড়ুন