এলাকার সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তা বিষয়ক নানা ইস্যু নিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনে নিয়মিত মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে মাটিরাঙ্গা সেনা জোন সদর সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইব্রাহীম আধহাম পিএসসি জি।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাটিরাঙ্গা বাজারের ফুটপাত দখল, সম্প্রতি কথিত মারমা কিশোরী ধর্ষণ ঘটনা, অগ্নিকাণ্ড প্রতিরোধ, ধলিয়া লেক দখলমুক্ত করা, ট্রাফিক ব্যবস্থাপনা, নারী নির্যাতন, কৃষি ব্যবস্থাপনা, স্বাস্থ্য, নারী শিক্ষা, পাহাড় কাটা, প্রত্যাহারকৃত সেনা ক্যাম্প পুনঃস্থাপন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় জোন অধিনায়ক বলেন, “মাটিরাঙ্গা জোনের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং যে কোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে।”
তিনি এলাকার শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা ও সন্ত্রাসী তৎপরতা দমনসহ সকল প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সেনাবাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।
এসময় মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মাসুদ খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান, জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট মঞ্জিলা জুমা, জয়া ত্রিপুরা ও শহীদুল ইসলাম সুমন, পৌর বিএনপি সভাপতি শাহ জালাল কাজল, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল জলিল, মাটিরাঙ্গা ও গুইমারা থানা প্রতিনিধি, মাটিরাঙ্গা প্রেসক্লাব সভাপতি মো. এনামুল হক, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ভুইয়া সহ বিভিন্ন দপ্তরের সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



