মানুষ ইবাদত ও নামাজমুখী হলে সমাজে অপরাধ প্রবণতা হ্রাস পায় : ধর্ম উপদেষ্টা

মানুষ ইবাদত ও নামাজমুখী হলে সমাজে অপরাধ প্রবণতা হ্রাস পায় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

আজ শনিবার (৫জুলাই) সকাল ১০টায় বান্দরবান সদর উপজেলার মেঘলা মডেল মসজিদের ভিত্তিফলক উন্মোচনকালে তিনি একথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ‌‘শান্তি-প্রশান্তির খোঁজে মানুষ মসজিদে আসেন। মানুষ ইবাদত ও নামাজমুখী হলে সমাজে অপরাধ প্রবণতা হ্রাস পায়। নামাজ মানুষকে অশ্লীলতা ও গর্হিত কাজ থেকে রক্ষা করে। আমরা বিশ্বাস করি, মসজিদের মাধ্যমে নৈতিকতা, মূল্যবোধ, ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা সমাজের কাছে পৌঁছে যাবে।’

NewsDetails_03

এসময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই বলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে জেলায় আগেও অনেক মসজিদ, মন্দির, ক্যাংসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান নির্মিত হয়েছে। তবে বান্দরবানের প্রবেশদ্বার ও জনপ্রিয় পর্যটন কেন্দ্রের পাশে সুন্দর এই মডেল মসজিদ স্থাপন হবে সেটা ভাবতেই আনন্দ বোধ হয়। দীর্ঘদিন ধরে বিশেষ করে সাতকানিয়ার লোকজন ও এই অঞ্চলের মানুষ ভাতৃত্ববোধ নিয়ে সহাবস্থানে বসবাস করে আসছেন।

তিনি বলেন, ধর্মীয় অনুশাসন, নৈতিকতা ও সামাজিক মূল্যবোধ সৃষ্টিতে যেমন এই মসজিদ অগ্রণী ভূমিকা পালন করবে, তেমনি এই সহাবস্থান আরও তরান্বিত বলে প্রত্যাশা করি।

অন্যদের মধ্যে উপস্থিতি ছিলেন, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুল আওয়াল, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস সালাম খান, গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মো. শহিদুল আলম, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক, বান্দরবান পৌর প্রশাসক এসএম মনজুরুল হক প্রমুখ।

আরও পড়ুন